নিউ ইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে ভক্তদের সমাবেশ
দ্বিতীয়বারের মতো এ আয়োজন করে ‘লালন পরিষদ, ইউএসএ’।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসব ঘিরে বাউল সম্রাট ফকির লালন শাহের ভক্তদের সমাবেশ ঘটেছে। সুর ও ছন্দে লালনকে স্মরণ করেছেন প্রবাসীরা।
শনিবার জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে দ্বিতীয়বারের মতো এ আয়োজন করে ‘লালন পরিষদ, ইউএসএ’।
বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রায় ২০০ শিল্পী ও কলাকুশলী এতে অংশ নেন। মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন শিল্পী নীনা হামিদ।
উপস্থিত ছিলেন রথীন্দ্রনাথ রায়, মুক্তিযোদ্ধা নূরন নবী, সিদ্দিকুর রহমান, মিনহাজ আহমেদ জাবেদ, জাকির হোসেন, উৎসবের প্রধান উপদেষ্টা নুরল আমিন বাবু, লালন উৎসবের আহ্বায়ক আব্দুল হামিদ, গোপাল সান্যাল, স্বীকৃতি বড়ুয়া ও মিডিয়া সমন্বয়ক পিনাকী তালুকদার।
বক্তারা উল্লেখ করেন, “লালনের গান এক সময় এতই জনপ্রিয় ছিল যে, তা সাধারণ মানুষ ও নৌকার মাঝি-মাল্লাদের মুখে মুখে শুনা যেত। এমনকি বর্তমানেও সব মহলে এ গানের কদর বাড়ছে। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। তিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সব প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক চেতনা থেকেই তিনি তার গান রচনা করেছেন।”
সাদিয়া খন্দকার, স্বাধীন মজুমদার ও সেঁজুতি তালুকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। উৎসবে অংশ নেন সঙ্গীতশিল্পী লায়লা, নৃত্যশিল্পী মন্দিরা চক্রবর্তী, শিল্পী দিনাত জাহান মুন্নী, শাহ মাহবুব, আলভিন, মাইশা জেরিন ও সাগনিক মজুমদার।
উৎসবের অন্যতম আকর্ষণ ছিলে মহিতোষ তালুকদার তাপস ও তার দলের পরিবেশনা। এছাড়া চন্দ্রা ব্যানার্জির তত্ত্বাবধানে পরিবেশিত হয় দলীয় নৃত্য।
