২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ঘনাচ্ছে মেয়র নির্বাচন, বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি ও সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর প্রতিদ্বন্দ্বিতায় সরব প্রবাসীরা।

নিউ ইয়র্কে ঘনাচ্ছে মেয়র নির্বাচন, বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ
নিউ ইয়র্ক মেয়র প্রার্থী জোহরান মামদানি, অ্যান্ড্রু ক্যুমো ও কার্টিস স্লিওয়া।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 12:03 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ-এশীয় সম্প্রদায়ের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বাড়ছে। ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

ক্যুমো সম্প্রতি মামদানির বিরুদ্ধে ‘ধর্মীয় ভণ্ডামি’ ও ‘অবাস্তব প্রতিশ্রুতির’ অভিযোগ তুলেছেন। তার দাবি, “মামদানি একদিকে হালাল শব্দ ব্যবহার করে মুসলিম ভোটারদের আকৃষ্ট করছেন, অন্যদিকে পতিতাবৃত্তিকে বৈধ করার প্রতিশ্রুতি দিচ্ছেন।” 

তিনি আরও বলেন, “বাস ও সাবওয়ে ভাড়া বা ট্যাক্স নীতি নির্ধারণের এখতিয়ার মেয়রের নেই, তবু মামদানি ভোটারদের বিভ্রান্ত করছেন।”

একইসঙ্গে, রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্যুমো। এতে রিপাবলিকান ভোট তার পক্ষে গেলে তিনি মামদানির সঙ্গে পাল্লা দিতে পারবেন বলে মনে করছেন বিশ্লেষকেরা। 

সাম্প্রতিক ‘এএআরপি নিউ ইয়র্ক’ এবং ‘গোথ্যাম পোলিং’ জরিপ অনুযায়ী, মামদানি বর্তমানে ৪৩.২ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে আছেন। ক্যুমোর পক্ষে রয়েছে ২৮.৯ শতাংশ এবং স্লিওয়ার পক্ষে ১৯.৪ শতাংশ ভোটার।

ডেমোক্র্যাটিক ভোটাররা নিউ ইয়র্ক সিটির মোট ভোটারের প্রায় ৬৭ শতাংশ। তাই প্রাথমিকভাবে মামদানির জয় অনেকটা নিশ্চিত মনে করা হচ্ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসনের সমর্থন পাওয়া ক্যুমো এখন নিজেকে ‘অভিজ্ঞ ও বাস্তব বিকল্প’ হিসেবে উপস্থাপন করছেন বলে জরিপে উঠে এসেছে।

ক্যুমোর নির্বাচনি প্রচারণায় ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহানুভূতির বার্তা জোরালোভাবে উঠে এসেছে। তিনি সম্প্রতি কয়েকটি মসজিদ ও মন্দিরে যান, যা তার রাজনৈতিক জীবনে আগে দেখা যায়নি। অপরদিকে, মামদানি হামাস-ইসরায়েল যুদ্ধের সময় ফিলিস্তিনের প্রতি সহমর্মিতা জানিয়ে তরুণ ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। ক্যুমো অবশ্য এ অবস্থানকে ‘জুইশ বিদ্বেষী’ বলে আখ্যা দিয়েছেন।

এদিকে মেয়র নির্বাচন ঘিরে দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যেও বিভাজন স্পষ্ট হচ্ছে। সম্প্রতি কুইন্সে এক সমাবেশে ক্যুমোর সমর্থনে বক্তৃতা দেন বাংলাদেশি সংগঠক ফাহাদ সোলায়মান ও দীলিপ নাথ। তারা বলেন, “নিউ ইয়র্কের স্থিতিশীলতা ও অভিজ্ঞ নেতৃত্বের জন্য ক্যুমোকেই সমর্থন করা উচিত।”

অন্যদিকে, মামদানির সমর্থকরা বলছেন, “তিনি নিউ ইয়র্কের বৈচিত্র্য ও সামাজিক ন্যায়ের প্রতীক।”

আগাম ভোট শুরু হবে শনিবার, চলবে ৪ নভেম্বর পর্যন্ত। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, প্রচারণা ততই আক্রমণাত্মক হচ্ছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, “মামদানি নির্বাচিত হলে ফেডারেল সহায়তা কমানো হবে, ক্যুমো জয়ী হলে তা বাড়ানো হবে।” রিপাবলিকান প্রার্থী স্লিওয়া অবশ্য জানিয়েছেন, তিনি কোনোভাবেই প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন না।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আগের চেয়ে বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কেউ মামদানির তরুণ নেতৃত্বে আস্থা রাখছেন, কেউ আবার ক্যুমোর অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিচ্ছেন।