Published : 20 Jul 2025, 09:46 AM
প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে নিউ ইয়র্কে সেমিনার করেছে ‘নিউ ইয়র্ক-বাংলাদেশ প্রেস ক্লাব’।
শুক্রবার একটি পার্টি হলে আয়োজিত এ সেমিনারে বক্তারা অন্তর্বর্তী সরকারের সময়ও ‘প্রবাসীদের ভোটাধিকার এবং সংশ্লিষ্ট সমস্যাগুলোর সমাধানে তৎপরতার অভাবের’ কথা তুলে ধরেন।
এতে প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মমিন মজুমদার।
কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা সেমিনারে উপস্থিত ছিলেন। শুরুতে জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করেন তারা।
ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “যে দেশের নির্বাচন কমিশন স্বাধীন ও সার্বভৌম থাকে, সেখানে করাপশন কম থাকে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিশ্চিত হলে দুর্নীতিবাজদের ম্যান্ডেট পাওয়ার সুযোগ কমে। বাংলাদেশে অনলাইনে ভোট দেওয়া সম্ভব নয়। আমেরিকায় ডাকযোগে ব্যালট সংগ্রহ ও ফেরত পাঠাতে সময় লাগে। এই সময় বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা প্রয়োজন।”
তিনি আরও বলেন, “প্রবাসীরা যারা ভোটার হিসেবে নিবন্ধিত, তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। ভোটাধিকার থাকলেও নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণে বাধা দেওয়া যায় না। নির্বাচন ও প্রশাসনে প্রবাসীদের অংশগ্রহণের অধিকার থাকা উচিত।”
গিয়াস আহমেদ বলেন, “গত ১৬ বছর ধরে নিউ ইয়র্ক ও আমেরিকায় প্রবাসীরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে সক্রিয় ছিলেন। সংস্কারের দায়িত্বে প্রবাসীদের সম্পৃক্ত করা প্রয়োজন। জাতীয় সংসদে প্রবাসীদের জন্য কোটা সংরক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”
নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোজাম্মেল হক জানান, সেমিনারে আলোচনা করা বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, শওকত আলী, এম এ শাহীন, ওয়াজেদ এ খান, আবু তাহের, মোহাম্মদ আলী, আহসান হাবিব, মাহমুদ খান তাসের, আব্দুর সবুর, মুহম্মদ এন মজুমদার, শামসুদ্দিন আজাদ, পোল খান ও ফখরুল আলম।