মাইলস্টোন ট্র্যাজেডি: নিউ ইয়র্কে বিএনপির শোক-র্যালি
আহতদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন নেতারা।
ঢাকার উত্তরায় বিমানবাহিনীর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনায় নিউ ইয়র্কে দুটি শোক-র্যালির আয়োজন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি।
সোমবার পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করে নিউ ইয়র্ক স্টেট বিএনপি এবং দলটির অন্যান্য অঙ্গসংগঠন জ্যাকসন হাইটস ও ব্রুকলিনে এ কর্মসূচি পালন করে।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত শোক-র্যালিতে নিহতদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়। একইসঙ্গে, আহতদের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন বিএনপি নেতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন আব্দুল লতিফ সম্রাট।
স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে র্যালিটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদ।
অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের ফরেন রিলেশনস কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন ও যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গির এম আলম।
একইদিনে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় আয়োজিত আরেকটি পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশকেও শোক-র্যালিতে রূপ দেওয়া হয়।
মোস্তফা কামাল পাশা বাবুলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ র্যালি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দী। প্রধান অতিথি ছিলেন মোস্তফা কামাল পাশা।
