২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

জীবিকার সন্ধানে ১৬ বছর আগে মালদ্বীপে এসেছিলেন শাহীন।

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
নিহত জাভেদ চৌধুরী শাহীন (৩১)।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2025, 12:41 AM

Updated : 26 Aug 2026, 11:43 AM

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত জাভেদ চৌধুরী শাহীনের (৩১) বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বদুর গ্রামে। পিতা মৃত আব্দুল ওহাব চৌধুরী।

স্থানীয় সময় শনিবার সকালে দেশটির হুলহুমালে শহর থেকে রাজধানী মালে যাওয়ার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।

পুলিশ জানায়, ওইদিন সকালে হুলহুমালে-মালে মহাসড়কের পাশে সৌরবিদ্যুৎ প্যানেলের কাজ করার জন্য ট্র্যাফিক কন বসানো হয়েছিল। তার একটির উপরই শাহীনের মোটরসাইকেল এসে নিয়ন্ত্রণ হারায়।

আহত অবস্থায় শাহীনকে স্থানীয়দের সহায়তায় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শাহীনের শ্যালক মোহাম্মদ পারভেজ মিয়া জানান, শাহীন ১৬ বছর আগে মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন। ‘লিলি ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অফিস সহকারী হিসেবে রাজধানীতে মালে শহরে কর্মরত ছিলেন তিনি।

বাংলাদেশে শাহীনের মা, স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। নিহত শাহীনের লাশ বর্তমানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মর্গে রাখা আছে।