ট্রাম্পের তথ্য: যুক্তরাষ্ট্রে অভিবাসী বাংলাদেশিদের ৫৪.৮% সরকারি সহায়তা নেন
১২০ দেশের অভিবাসীদের মধ্যে সহায়তা গ্রহণে বাংলাদেশিদের অবস্থান ১৯ নম্বরে; তালিকায় নেই ভারত।
অভিবাসী পরিবারগুলোর মধ্যে কারা কতটুকু যুক্তরাষ্ট্র সরকারের খাদ্য ও স্বাস্থ্যসহ বিভিন্ন সহায়তা পেয়ে থাকেন, সেই হিসাব দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ রোববার তার প্রকাশ করা সেই তালিকায় দেখা গেছে, বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে ৫৪ দশমিক ৮ শতাংশ খাদ্য, স্বাস্থসেবা ও আবাসনের মত সরকারি সহায়তা নিয়ে থাকেন।
১২০টি দেশের মধ্যে সহায়তা গ্রহণে বাংলাদেশিদের অবস্থান ১৯ নম্বরে।
যুক্তরাষ্ট্র সরকার স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য (ফুডস্ট্যাম্প), স্বাস্থ্যসেবা (হেলথ ইনস্যুরেন্স) ও আবাসনসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে। অভিবাসী যারা নাগরিকত্ব পেয়েছেন বা পাঁচ বছরের বেশি অবস্থান করা মা-বাবারাও যাবতীয় সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। সিটিজেন, নন-সিটিজেনসহ প্রায় ৪ কোটি ১৬ লাখ আমেরিকান পাচ্ছে এসব সুবিধা।
তালিকার শীর্ষে রয়েছে ভুটান, ৮১.৪%। আফগানিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে, ৬৮ দশমিক ১ শতাংশ। ৪০ দশমিক ২ শতাংশ পাকিস্তানি মার্কিন সরকারের সহযোগিতা নেন। তালিকায় দেশটি ৯৫ নম্বরে।
এ ছাড়া ৩৪ দশমিক ৮ শতাংশ নেপালি, মিয়ানমারের অভিবাসীদের ৫৯ দশকি ২ শতাংশ, চীনের ৩২ দশমিক ৯ শতাংশ, ইসরায়েল/ফিলিস্তিন-২৫ দশমিক ৯ শতাংশ, ইউক্রেনের ৪২ দশমিক ৭ শতাংশ এবং সৌদি আরবের ২৫ দশমিক ৭ শতাংশ নাগরিক মার্কিন সরকারের সাহায্য নিচ্ছে।
১২০ দেশের তালিকায় নেই ভারত। তবে এশিয়ার ৩৮ দশমিক ৮ শতাংশ অভিবাসী ফুডস্ট্যাম্পসহ মার্কিন সরকারের সাহায্য নিচ্ছে।
