Published : 21 Jan 2026, 11:52 AM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার কার্যকর করতে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রবাসীদের পোস্টাল ভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি কুয়েত প্রবাসী বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের নিয়ম, জনসচেতনতা বৃদ্ধি এবং পোস্টাল ব্যালট সংগ্রহের ধাপ সম্পর্কে বিস্তারিত নির্দেশনা উপস্থাপন করা হয়।
রাষ্ট্রদূত জানান, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নিবন্ধিত সব ভোটারের পোস্টাল ব্যালট ইতোমধ্যে কুয়েতের স্থানীয় পোস্ট অফিসগুলোতে পৌঁছে গেছে। এ কারণে তিনি প্রবাসীদের দ্রুত অ্যাপের মাধ্যমে ব্যালট ট্র্যাক করে সংগ্রহ করার পাশাপাশি অন্যদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
মতবিনিময়ে রাষ্ট্রদূত সরাসরি প্রবাসীদের কাছে ব্যালট সংগ্রহ ও ভোট দেওয়া প্রক্রিয়ায় কোনো প্রতিবন্ধকতা রয়েছে কি না তা জানতে চান এবং এ বিষয়ে দূতাবাসের সক্রিয় সহায়তার আশ্বাস দেন।
একই সঙ্গে তিনি পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। ব্যালটের গোপনীয়তা ভঙ্গ বা ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করলে নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি সতর্ক করেন।
সভায় আরও জানানো হয়, সম্প্রতি বাহরাইন ও কুয়েতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ব্যালট নিয়ে কিছু বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীদের সামনে সঠিক ও স্বচ্ছ তথ্য তুলে ধরা হয় এবং গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।