২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব

অভিবাসীদের ১৬টি দলের এ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট উৎসব
প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশের একটি দল ও তার কর্মকর্তারা।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 10:54 AM

Updated : 26 Aug 2026, 11:13 AM

কর্মব্যস্ততার মাঝে ক্রিকেট উৎসবে মেতেছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। অভিবাসীদের নিয়ে আয়োজন করেছেন দিনব্যাপী চার দেশীয় ‘সুপার ফ্রেন্ডশিপ কাপ’ ক্রিকেট উৎসব।

বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছেন দেশটির বিভিন্ন শহরে কর্মরত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কান প্রবাসীদের ১৬টি দল।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় মালেতে মালদ্বীপের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

এতে ভারতীয়দের দল ‘ফ্রেন্ডস ক্রিকেট মালদ্বীপকে’ ২ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয় শ্রীলঙ্কান প্রবাসীদের দল ‘টরন্টো ক্রিকেট ক্লাব’।

ম‌্যান অব দ‌্য ম্যাচ ও ম‌্যান অব দ‌্য সিরিজের পুরস্কার পান পাকিস্তান দলের খেলোয়াড় মো. সিরাজ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনে সদ্য নিয়োগ পাওয়া তৃতীয় সচিব জিল্লুর রহমান এবং মালদ্বীপ ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসহাক।

অতিথি ছিলেন টেলিকম কোম্পানি ধিরাগুর বাণিজ্যিক পরিচালক আলী রিয়াজ, অ্যাসোসিয়েশন ম্যানেজার সুজা, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, বাবুল হোসেন, মো. ফারুক ও রফিকুল ইসলাম।

আয়োজক বাংলাদেশ হাই কমিশন ক্রিকেট দলের ম্যানেজার মো. রাসেল ও অধিনায়ক কাউছার আহমেদ বলেন, “মালদ্বীপে অবস্থানরত সব দেশের প্রবাসী কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও অটুট বন্ধন তৈরি করাই ছিল এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।”