১৩ দফা দাবি আদায়ে নিউ ইয়র্ক কনস্যুলেটে প্রবাসীরা
‘প্রবাসী বাংলাদেশি ফোরাম’ নামে একটি সংগঠনের ব্যানারে এসব দাবি জানান তারা।
প্রবাস থেকে ভোট দেওয়ার ব্যবস্থা ও জাতীয় সংসদে অংশীদারিত্বসহ ১৩ দফা দাবি নিয়ে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক কনস্যুলেট অফিসে স্মারকলিপি দিয়েছেন প্রবাসীরা।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূস বরাবর লেখা এ স্মারকলিপি বুধবার নিউ ইয়র্কে কনসাল জেনারেল মো. নাজমুল হুদার হাতে দেন তারা।
‘প্রবাসী বাংলাদেশি ফোরাম’ নামে একটি সংগঠনের ব্যানারে এসব দাবির আলোকে এর আগে ৮ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
ফোরামের আহ্বায়ক ফখরুল আলমসহ এসময় উপস্থিত ছিলেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ডে অভিবাসন বিষয়ক কমিটির চেয়ারপারসন শাহজাহান শেখ, মহসিন পাটোয়ারি, ওয়াদুদ ভূইয়া, আহসান হাবিব, কাজী আজহারুল হক মিলন এবং ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান।
প্রবাসীদের দাবিগুলো হলো:
১. জাতীয় সংসদে ও রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের অংশীদারিত্ব নিশ্চিত করা।
২. নিউ ইয়র্ক-ঢাকা-নিউ ইয়র্ক রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু।
৩. নিউ ইয়র্কসহ সারাবিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র চালু করা, যা ইতোমধ্যে যুক্তরাজ্যে চালু হয়েছে।
৪. নিউ ইয়র্কসহ সারা বিশ্বের বাংলাদেশ কনস্যুলেট ও দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা।
৫. চুক্তি মোতাবেক কেনা জমি, প্লট বা অ্যাপার্টমেন্ট সহজে সংশ্লিষ্ট প্রবাসীর কাছে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা।
৬. ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
৭. দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে হয়রানি বন্ধ করা।
৮. বাংলাদেশের অফিস-আদালতে ‘লাল ফিতার’ দৌরাত্ম্য বন্ধ করা ও প্রবাসীদের জন্য ঢাকায় চালু করা ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর করা।
৯. প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অর্থে গড়ে ওঠা অর্থনীতির লক্ষ কোটি টাকা বিদেশে পাচার বন্ধ করাসহ পাচারকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
১০. বাংলাদেশ সফরকালে প্রবাসীদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করা।
১১. বাংলাদেশে প্রবাসীদের ঘর-বাড়ি ও স্থাবর-অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যবস্থা করা।
১২. কনস্যুলেট সেবা বাড়িয়ে প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, জন্মসনদ, মৃত্যুসনদ, দেশের সম্পত্তি হস্তান্তরে পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার মতো কাজগুলো সহজ করা।
১৩. যে কোনো প্রবাসী বাংলাদেশির লাশ বিনা খরচে দেশে নেওয়ার ব্যবস্থা করা।
স্মারকলিপি নেওয়ার পর কনসাল জেনারেল বলেন, “বিদ্যমান রীতি অনুযায়ী স্মারকলিপিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে।”
