২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের প্রত্যাবর্তন উপলক্ষ্যে নিউ ইয়র্কে বিএনপির সমাবেশ

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তারেক রহমান ‘অপরিহার্য’ বলে দাবি করেন বক্তারা।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 12:27 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপিপন্থি সংগঠনগুলোর উদ্যোগে নিউ ইয়র্কে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের ব্রঙ্কসে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট।

তিনি বলেন, “সদ্য-স্বাধীন বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা জারির পর গণতন্ত্র সংকটে পড়েছিল। সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ সময় পর আবারও বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্বকে সময়ের দাবি হিসেবে দেখছেন দেশের জনগণ।”

তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাজনীতির পথ আরও সুগম হবে বলে বিএনপি নেতাকর্মীরা আশাবাদী।”

বিশেষ অতিথির বক্তব্যে যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এম এ বাতিন বলেন, “আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মবোক্রেসির মাধ্যমে জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তবে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসীরা এসব ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদ, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সৈয়দ গৌছ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোলায়মান।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন ও সাধারণ সম্পাদক সুরুজ্জামান। এছাড়া বক্তব্য দেন বিএনপি নেতা সবুর, এম এ খালেক, ছাত্রদলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাজহারুল ইসলাম জনি, এমরান শাহ রন, সৈয়দা মাহমুদা শিরিন, শাহজাহান শেখ, রিজওয়ানা রাজ্জাক সেতু, জাহেদ হাসান সুমন, শেখ আনসার আলী, মোহাম্মদ রিপন, গোলাম হোসেন, ফজলুর রহমান ও আনোয়ারুজ্জামান হ্যাপি।