Published : 28 Jun 2025, 08:04 PM
সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো বহুল প্রত্যাশিত কনস্যুলার সেবা।
এ সেবা চালু হওয়ায় স্থানীয় প্রায় দেড় থেকে দুই লাখ প্রবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার বিকালে আজমানের রাশিদিয়া-৩ এলাকায় বাংলাদেশ সমিতির কার্যালয়ে এটি উদ্বোধন করা হয়।
এতে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুলার (পাসপোর্ট) কর্মকর্তা নাজমুল হাসানসহ প্রবাসী কমিউনিটির নেতাকর্মীরা।
চালু হওয়া সেবাগুলোর মধ্যে রয়েছে নতুন ই-পাসপোর্টের আবেদন ও নবায়ন, জন্মনিবন্ধন, প্রবাসী কল্যাণ কার্ড ও সনদপত্র সত্যায়ন প্রভৃতি।
উদ্যোক্তারা জানান, প্রতিমাসে গড়ে এক হাজার প্রবাসী এখান থেকে সেবা নিতে পারবেন। কর্মদিবসের পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও এই সেবা চালু থাকবে।
বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুস বলেন, “দীর্ঘদিন ধরে আজমানবাসী প্রবাসীদের কনস্যুলার সেবা নিতে যেতে হতো দূরবর্তী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে। এতে সময়, খরচ ও কর্মঘণ্টা হারানোর মতো একাধিক সমস্যা পোহাতে হতো তাদের। এবার বাংলাদেশ সমিতি আজমানের উদ্যোগে এবং দুবাই বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে আজমানেই আনুষ্ঠানিকভাবে কনস্যুলার সেবা চালু হয়েছে।”
সমিতির সদস্য সচিব কামাল হোসাইন খান সুমন বলেন, “আজমানে প্রায় পৌনে দুই লাখ বাংলাদেশি প্রবাসী বাস করেন। তাদের কনস্যুলার সেবা সহজতর করতে আমাদের এই উদ্যোগ। এখন থেকে পাসপোর্ট, জন্মনিবন্ধন বা সনদ সত্যায়নের মতো কাজগুলো তারা এখান থেকেই সেরে নিতে পারবেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক মোহাম্মদ আবদুল কুদ্দুস, সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, মীর কামাল, এনাম চৌধুরী, শাহীনুর শাহীন, শেখ সেলিম, আলতাফ হোসেন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম চৌধুরী, আবদুল মালেক, ফজলুর রহমান খান, নাজিম উদ্দিন, শেখ ফরিদ ও জাহাঙ্গীর আলম রুপু।