২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বাংলাদেশের মোরগ পোলাও

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের মোরগ পোলাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 11:41 AM

Updated : 10 Oct 2022, 09:12 PM

বুধবার নিউ ইয়র্কে পোল্যান্ড কনসুলেট জেনারেলের অডিটরিয়ামে এ উৎসবের আয়োজন করে বিভিন্ন দেশের কনসাল জেনারেলদের সমন্বয়ে গঠিত সংগঠন ‘সোসাইটি ফর ফরেন কনসাল্স’।

এতে মোরগ পোলাওসহ দেশি খাবার নিয়ে অংশ নেয় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। উৎসবে বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও কনস্যুলেটের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক আমেরিকানের সমাগম ঘটে।

অংশ নেন বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা, কাউন্সেলর ও দূতালয় প্রধান চৌধুরী সুলতানা পারভীন ও প্রথম সচিব মো. শামীম হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতির পরিচায়ক হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য উপাদান দিয়ে সুসজ্জিত বাংলাদেশি স্টলের মূল আকর্ষণ ছিল ‘মোরগ পোলাও’। স্টলে প্রচুর বিদেশি অতিথির সমাগম ঘটে ও তারা বাংলাদেশি খাবারের প্রশংসা করেন।

খাবারের স্টল ছাড়াও নিউ ইয়র্কে বাংলাদেশিদের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘বিপা’ শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন। শিল্পীরা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।

অন্যান্য দেশের শিল্পীরাও সাংস্কৃতিক পর্বে অংশ নেন, তারা নিজ নিজ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরেন। অংশ নেওয়া দেশগুলোর পতাকা এবং বিভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের পোশাক-পরিচ্ছদ একটি আন্তর্জাতিক আবহ তৈরি করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!