২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে আন্তর্জাতিক শ্রম সংস্থার শতবার্ষিকী সভা

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শতবার্ষিকী উপলক্ষ্যে জাতিসংঘে দুই দিনব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2019, 10:38 AM

Updated : 25 Jul 2022, 08:13 PM

স্থানীয় সময় বুধ ও বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত ‘কাজের ভবিষ্যৎ’ বিষয়ক এ সভার আহ্বান করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নান্দা এস্পিনোসা গার্সেজ।

এতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ, আইএলও এর মহাপরিচালক গাই রাইডার ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

মোমেন বলেন, “বাংলাদেশ এখন এলডিসি ক্যাটেগরি থেকে উত্তরণের পথে। গুরুত্বপূর্ণ এ সময়ে জনগণকে ক্ষমতায়িত করা এবং সমতা ও সামগ্রিকতা নিশ্চিত করার মূখ্য নিয়ামক হিসেবে সবার জন্য সম্মানজনক কাজ নিশ্চিতে জোর দিয়েছে শেখ হাসিনা সরকার।”

বাংলাদেশের শ্রম আইনের মূলনীতি তুলে ধরে স্থায়ী প্রতিনিধি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ ও বৈষম্যমুক্ত এবং সামাজিক ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যা আমাদের জাতীয় শ্রমনীতিতে প্রতিভাত হয়েছে। কাজের অনানুষ্ঠানিকতা হ্রাস, ভালো মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই আমরা আমাদের উন্নয়ন পরিকল্পনা, নীতি ও পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছি।’’

বর্তমান সরকার তৈরি পোশাক খাতের শ্রমিকদের নূন্যতম মজুরি নিয়মিতভাবে পর্যালোচনা করছে এবং নারী, প্রতিবন্ধী, অরক্ষিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজের অধিক সুযোগ সৃষ্টিতেও পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ।

স্থায়ী প্রতিনিধি বলেন, “শেখ হাসিনা সরকার ২০৩০ সালের মধ্যে প্রায় দশ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একশত নতুন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজে হাত দিয়েছে। পাশাপাশি সরকার এসএমই খাতকেও উৎসাহিত করছে যাতে, বিশেষ করে নারী ও যুবদের জন্য সম্মানজনক কাজ এর সুযোগ সৃষ্টি হয়।”

রাষ্ট্রদূত বলেন, “ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে কিভাবে প্রযুক্তিকে উন্নয়নের মূলশক্তি হিসেবে কাজে লাগানো যায় সে বিষয়ে সদস্য দেশসমূহের সরকার, মালিক, ট্রেড ইউনিয়ন এবং নেতৃত্বদানকারী কারিগরি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আইএলও আলোচনা সাপেক্ষে একটি রোড ম্যাপ তৈরি করতে পারে।”

সভায় আইএলও সদস্য দেশগুলোর মন্ত্রী, রাষ্ট্রদূত, প্রতিনিধি, আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ও মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!