২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ‘জালালাবাদ ল সোসাইটির’ স্বাধীনতা দিবস পালন

স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে প্রবাসী আইনজীবীদের সংগঠন ‘জালালাবাদ ল সোসাইটি’ যুক্তরাষ্ট্র শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 03:26 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

স্থানীয় সময় বুধবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন তারা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ চৌধুরী সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এমাদ উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী।

আরও অতিথি ছিলেন যুক্তরাজ্য সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক পার্টির নেতা অ্যাটর্নি মঈন চৌধুরী, আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা শেখ আক্তারুল ইসলাম, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য সৈয়দ সাঈদুল হক সুমন ও ইব্রাহিম চৌধুরী খোকন।

বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেন, “বাংলাদেশের শাসনতন্ত্র অনুযায়ী আমাদের তিনটি বিভাগ রয়েছে। আইন, বিচার ও নির্বাহী বিভাগ। একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালিরা বিজয় অর্জন করলেন অর্থাৎ পরিপূর্ণ স্বাধীনতা পেলাম। এর ঠিক দুদিন পর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রথম কোর্ট বসেছিল। সে সময় সুপ্রিম কোর্ট পরিচালনার সব অবকাঠামো ছিল না। তবুও স্বাধীন একটি রাষ্ট্র কখনোই পরিচালিত হতে পারে না এই তিনটি বিভাগ ছাড়া। দুই ঘণ্টা চলার পর তা মুলতবি করা হয় এবং বাহাত্তরের জানুয়ারিতে নিয়মিত অধিবেশন শুরু হয়। সেই প্রেক্ষাপটে প্রতি বছর ১৮ ডিসেম্বর ‘সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালিত হচ্ছে। এই ব্রাঞ্চটি জাতির আশা-আকাঙ্খার প্রতিক।”

অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, “আমরা বাংলাদেশের কোনো দলীয় রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকেই বাংলাদেশের সত্যিকার কল্যাণে বিশ্বাসী। আমরা ক্ষুধা ও দারিদ্রমুক্ত, ঘুষমুক্ত নিরাপদ বাংলাদেশ দেখতে চাই।”

শেখ আক্তারুল ইসলাম বলেন, “বঙ্গবীর ওসমানীর নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস হতে পারে না। সে ব্যাপারে কোনো ধরনের কৃপণতায় জাতি হিসেবে নিজেরাই লজ্জিত হই।”

ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমন বলেন, “পতনের যন্ত্রণা খুবই বেদনাদায়ক ও কষ্টকর। নক্ষত্র হবার আনন্দের চেয়ে পতন ঠেকাতে সবার সচেষ্ট হওয়া উচিত।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!