২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে পর্তুগালের দূতাবাস দাবি প্রবাসীদের

বাংলাদেশে পর্তুগালের দূতাবাস দাবি করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাসান পাভেল, পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 09:51 AM

Updated : 10 Oct 2022, 08:53 PM

এ উপলক্ষ্যে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী আগুস্তো সান্তোস সিলভার সঙ্গে বৈঠক করেছেন ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’ এর নেতারা।

স্থানীয় সময় শনিবার রাতে পোর্তোর পোর্তোগান্ধি রেস্টুরেন্টে এ বৈঠকে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: রুহুল আলম সিদ্দিকী।

বৈঠকে অংশ নেন পর্তুগালের ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টির পোর্তো শাখার সভাপতি ম্যানুয়েল পিজারো, পর্তুগিজ সংসদ সদস্য থিয়াগো বারবোজা রিবেইরো, পোর্তো যুব স্যোসালিস্টের সভাপতি হুগো গিলবাইয়া ও পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা জোয়াও কোয়েলো।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তোর সভাপতি শাহ আলম কাজল উপস্থিত সবাইকে অভ্যর্থনা জানান।

বাংলাদেশে একটি স্থায়ী দূতাবাস স্থাপনে পররাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়ে কাজল বলেন, “দিল্লিতে পর্তুগিজ দূতাবাস হওয়ায় নানা ধরণের কনস্যুলার সেবা নিতে যাওয়া বাংলাদেশিদের নানা ধরণের ভোগান্তির সম্মুখীন হতে হয়।”

দুই দেশের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় স্থান পায়। বিশেষ করে নয়াদিল্লীতে পর্তুগিজ কনস্যুল্যার অফিসে নানা হয়রানি নিয়ে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লিখিত আকারে জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী আগুস্তো সান্তোস সিলভা বলেন, “বর্তমানে ৭৮ দেশে আমাদের কনস্যুলার সেবা চালু রয়েছে। বাংলাদেশিরা যে ধরণের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে আমরা তাদের জন্য এব্যপারগুলো সমাধানের চেষ্টা করছি। এছাড়াও পর্তুগালে যে সমম্ত বাংলাদেশিরা বসবাস করছেন তাদের জন্য কাজ এবং অভিবাসন সংক্রান্ত বিষয়গুলো আমরা সহজ করার উদ্যোগ নিয়েছি। নতুন দূতাবাস করার ব্যপারে আমাদের সরকারের অভ্যন্তরীন আলোচনা এবং পর্যালোচনায় আমি আপনাদের দাবিটি তথা বাংলাদেশের নামটি মাথায় রাখবো।”

বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বলেন, “আমাদের সম্পর্ক অনেক পুরনো, প্রায় ৫০২ বছরের। আমাদের জীবনে পর্তুগিজদের প্রভাব অনেক এবং আমাদের এ ঐতিহাসিক সম্পর্ক অনেক গভীর। আমাদের এবং পর্তুগিজদের মধ্যে অনেক মিল রয়েছে, বিশেষ করে খাবারের। বাংলাদেশে দূতাবাস না থাকায় বাংলাদেশিরা অনেক সমস্যায় পড়ছেন। আমি নিজেও এটার ভূক্তভোগী।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!