নিউ ইয়র্ক সিটি মেয়রের অভিবাসী কমিশনারের সঙ্গে কনসাল জেনারেলের বৈঠক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নবনিযুক্ত বাংলাদেশ কনসাল জেনারেল সেখানকার সিটি মেয়রের অভিবাসী-বিষয়ক কমিশনারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার বাংলাদেশ কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা অভিবাসী বিষয়ক কমিশনার বিটা মোস্তফীর সাথে তার অফিসে গিয়ে সাক্ষাৎ করেন।
কমিশনার মোস্তফী কনসাল জেনারেল ফয়জুননেসাকে তার অফিসে স্বাগত জানান এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে তাকে অভিনন্দন জানান। ফয়জুননেসাও ‘অভিবাসী বিষয়ক কমিশনার’ হিসেবে যোগ দেওয়ায় মোস্তফীকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে কনসাল জেনারেল বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীকে সার্বিক সেবা ও সহযোগিতা দেয়ার জন্য কমিশনার এবং নিউ ইয়র্ক সিটি মেয়রের দপ্তরের আন্তরিকতার কথা বিশেষভাবে উল্লেখ করে ধন্যবাদ জানান।
এ সাক্ষাতে কনসাল জেনারেল বলেন, “বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর পরিশ্রমী, সমৃদ্ধ সংস্কৃতিমনস্ক এবং আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। তারা এ বৃহৎ শহরের কল্যাণে নিবেদিত।”
এ বিষয়ে, তিনি নিউ ইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশি-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক কার্যক্রম এবং সংস্কৃতি বিস্তারে সহযোগিতা করতে নিউ ইয়র্ক সিটি কমিশনারকে অনুরোধ করেন।
মেয়র অফিসের বিনামূল্যে ইংরেজি শিক্ষা কার্যক্রম সেবায় অংশ নিয়ে নাগরিকত্ব পরীক্ষায় সুফল পাওয়ার বিষয়টি সব স্তরের আমেরিকান-বাংলাদেশিদের কীভাবে জানানো যায়- সেই কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশি-আমেরিকানদের কল্যাণের জন্য মেয়র অফিসের সাথে একযোগে কাজ করার বিষয়ে কনসাল জেনারেল আগ্রহ প্রকাশ করেন এবং এ লক্ষে সহায়তা দেয়ার আশ্বাস দেন।
কনসুলেট জেনারেল এর কাউন্সেলর ও চ্যান্সেরি প্রধান চৌধুরী সুলতানা পারভীন এবং প্রথম সচিব মো. শামীম হোসেন এ সময় সেখানে ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
