২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর ১০০ ভাষণ নিয়ে বই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া বিভিন্ন সময়ের ১০০ ভাষণ নিয়ে বই প্রকাশ করার ঘোষণা দিয়েছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 03:16 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এ মোমেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বঙ্গবন্ধুর ১০০ ভাষণ নিয়ে ‘বঙ্গবন্ধুর বক্তৃতা সম্ভার’ শিরোনামে বই প্রকাশ করছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এর মুখবন্ধ লিখছেন বঙ্গবন্ধুর মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোমেন আরও বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু বাঙালি জাতির নেতা ছিলেন না, সারাবিশ্বে খেটে খাওয়া মানুষের নেতাও ছিলেন। মানবতার মুক্তির প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। তাই এই মহামানবের গুণ প্রবাস প্রজন্মকেও জানাতে হবে। সে দায়িত্ব পালন করবে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন।”

মোমেন উল্লেখ করেন, “যারা বিএনপি করেন তারাও এই সংগঠনের সদস্য হতে পারবেন, যদি তারা বঙ্গবন্ধুকে স্বীকার করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা রাখেন।”

সভায় স্বাগত বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া।

তিনি বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের বর্ণাঢ্য জীবন-ইতিহাস প্রবাস প্রজন্মকে যথাযথভাবে অবহিত করতে আমরা কাজ করছি।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, নির্বাহী সদস্য কানু দত্ত, বর্ণমালার সম্পাদক ও একাত্তর টিভির উত্তর আমেরিকার প্রধান মাহফুজুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা ইফজাল করিম, এটিএম মাসুদ, এটিএম রানা, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ কমিটির সভাপতি জাফরউল্লাহ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আলমগীর কবির, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা ও ফকু চৌধুরী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!