২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বাংলাদেশিদের আয়োজনে বইমেলা

জাপানে প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম’ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রথম টোকিও বইমেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 02:34 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

আগামী ২ সেপ্টেম্বর টোকিওর ইতাবাশি ওইয়ামা গ্রিন হলে ‘বই পড়ুন, আলোকিত বিশ্ব গড়ুন’ শ্লোগানে এ মেলা অনুষ্ঠিত হবে জানান মেলার আহ্বায়ক ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার মো. সামস সামি।

তিনি জানান, বাংলা সাহিত্য-সংস্কৃতির প্রসারে অনুষ্ঠিতব্য এ মেলার উদ্বোধন করবেন জাপানের সাবেক মন্ত্রী ও লেখক হাজিমে ইশিই, প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

সামি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলায় প্রবাসী লেখকদের বইয়ের পাশাপাশি বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকাশনীর বই প্রদর্শনীর ব্যবস্থা থাকছে। দেশ ও ভাষার প্রতি ভালবাসা, দায়বদ্ধতা এবং প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন।”

আয়োজক সংগঠনের সভাপতি জুয়েল আহসান কামরুল বলেন, “এ বইমেলার মাধ্যমে জাপানে বসবাসরত সাহিত্যপ্রেমীদের অনেকদিনের লালিত স্বপ্ন পূরণ হবে।”

ফোরামের উপদেষ্টা ও কলামনিস্ট মনজুরুল হক বলেন, “এই আয়োজন প্রবাসে বাংলা সাহিত্য চর্চার পথকে প্রশস্ত করবে বলে আশা করি।”

এদিকে বইমেলা ঘিরে জাপানের বাংলাদেশি কমিউনিটিতে আগ্রহ বাড়ছে। মেলা আয়োজনের সংবাদে দেশটিতে জন্ম নেওয়া বাংলাদেশি নতুন প্রজন্মের উৎসাহ ইতিবাচক বলে জানান প্রবাসীরা।

দীর্ঘদিন জাপানে থাকেন এমন এক প্রবাসী জানান, অনেক ব্যস্ততা থাকলেও আশা করছি টোকিও বইমেলায় যাবো।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!