কানাডায় ‘স্মৃতিচিত্রে সিলেট’ প্রদর্শনী সেপ্টেম্বরে
কানাডার টরন্টোয় ‘স্মৃতিচিত্রে সিলেট: এক্সিবিশন থ্রু দ্য লেন্সেস অব রজার গোয়েন অ্যান্ড আনিস মাহমুদ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী শনিবার ও রোববার টরন্টোর গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান ‘ট্রেজার ১৯৭১’-এর উদ্যোগে এ আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের সিলেট জনপদের আলোকচিত্র প্রদর্শিত হবে।
‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র সার্বিক সহযোগিতায় চতুর্থ বিশ্ব সিলেট উৎসবে সিলেট জনপদের জীবনযাত্রা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরবেন আলোকচিত্র শিল্পী রজার গোয়েন ও আনিস মাহমুদ।
স্মৃতিচিত্রে সিলেট প্রদর্শনী সম্পর্কে টরন্টোতে বিশ্ব সিলেট সম্মেলনের আহ্বায়ক রাশেদা কে চৌধুরী বলেন, “এটি একটি অনন্য ও প্রশংসনীয় প্রয়াস। ছবিগুলো থেকে বর্তমানের সিলেট এবং পুরনো সিলেটের বৈচিত্র্যময় ইতিহাসের খোঁজ মিলবে।”
এ আয়োজনের আরেক সহযোগী হিসেবে রয়েছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা’। সম্মেলনটি উৎসর্গ করা হবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি, সিলেটের কৃতী সন্তান জেনারেল এম.এ.জি ওসমানীর স্মৃতির প্রতি।
বৃহত্তর সিলেটের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, পর্যটন, পরিবেশ, মুক্তিযুদ্ধে সিলেটের অবদান, বাংলাদেশের উন্নয়নে সিলেট প্রবাসীদের ভূমিকাসহ বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক সংগঠনটি।
