কানাডা পিডিআই এর জাতীয় শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে কানাডা প্রবাসীদের সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’(পিডিআই)।
স্থানীয় সময় শনিবার বিকেলে টরন্টোর বাঙালিপাড়ার কেন্দ্রস্থল ড্যানফোর্থ অ্যাভিনিউ হোপ ইউনাইটেড চার্চে দিনটি উপলক্ষে আলোচনা সভা করে সংগঠনটি।
আয়োজক সংগঠনের সমন্বয়ক মাহবুব আলমের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক বিদুৎরঞ্জন দে।
সভার মূল আলোচনায় অংশ নেন সাবেক ছাত্রনেতা ডাকসুর যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ দুজা।
তিনি বলেন, “১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা এবং জাতীয় চার নেতা খুন দেশে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলার ষড়যন্ত্রের শুরু, এখনো তা অব্যাহত আছে। সুপ্রীম কোর্টের রায়ে পঞ্চম সংশোধনী পূর্ব ৭২-এর সংবিধানে দেশকে ফিরিয়ে নেওয়ার সুযোগ থাকলেও বর্তমান সরকার তা করতে ব্যর্থ হয়েছে। সংবিধানের প্রধান প্রধান স্তম্ভগুলো মুছে ফেলা, আওয়ামী লীগের নির্বাচন পূর্ববর্তী রূপকল্প ২০২১ বাস্তবায়ন থেকে বিরত থাকা এবং সরকার প্রধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ব্যর্থতা ও সময়ক্ষেপন বর্তমান আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ থেকে পৃথক করেছে।”
সভায় আরও বক্তব্য দেন সিলেট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল আওয়াল, মুক্তিযোদ্ধা ও অর্থনীতিবিদ আজিজুল হক, আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী প্রয়াত মাহফুজুল বারীর স্ত্রী রওশান বারী, অন্টারিও আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, কানাডা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা আখতার জানু, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি মহিউদ্দিন আহমেদ,
সুনামগঞ্জ সমিতির সভাপতি আতাউর রহমান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরে খোদা টরিক, উদীচী কানাডা শাখার সভাপতি আজফার ফেরদৌস এবং সাবেক ছাত্রনেত্রী ও উদীচী কর্মী মিনারা বেগম।
কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার হিমাদ্রি শেখর রায় সঞ্জীব ও শেখর গোমেজ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
