২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে পাবলিক টয়লেট চান ট্যাক্সি চালকরা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইয়েলো ট্যাক্সি চালকদের জন্য পাবলিক টয়লেট তৈরির দাবি জানিয়েছে দেশটিতে ট্যাক্সি চালকদের সংগঠন ‘ইউনাইটেড ট্যাক্সি ড্রাইভার অ্যাসোসিয়েশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2018, 01:30 PM

Updated : 11 Oct 2022, 12:35 PM

স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কের ব্রুকলিনে ইঙ্গারসল কমিউনিটি সেন্টারে ‘রেসকিউ ফেয়ার’-এ সিটি মেয়র বিল ডি ব্লাসিয়োর কাছে এ আবেদন জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক ওসমান চৌধুরী।

তিনি বলেন, “নিউ ইয়র্কের রাস্তায় গাড়ি চালানো ইয়েলো ট্যাক্সি চালকরা টয়লেট সুবিধা পান না। ৫-৬ ঘণ্টা পর্যন্ত প্রস্রাব-পায়খানা আটকে রাখায় অনেক চালক কিডনিসহ নানা জটিল রোগে আক্রান্ত  হচ্ছেন। এমন অবর্ণনীয় কষ্টের অবসানে টয়লেট স্থাপনের দাবি জানাই।”

সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এ দাবি গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানিয়েছেন ট্যাক্সি চালকরা। নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা ও নিরিবিল স্থানে টয়লেট নির্মাণের প্রকল্প পেশ করার জন্য সেখানে উপস্থিত ট্যাক্সি এ্যান্ড লিমুজিন কমিশনের পলিসি ও এক্সটার্নাল সম্পর্কিত ডেপুটি কমিশনার বিল হিনযেনকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

মেয়র বলেন, “সিটিতে খোলা জায়গার যেমন সংকট, তেমনি পাবলিক টয়লেটের জন্যও সুবিধাজনক স্থান নেই। তবে বিষয়টি জটিল ও মানবিক বিধায় বিকল্প একটি পদক্ষেপ নিতে সিটি প্রশাসনের কোনো কার্পণ্য থাকবে না।”

১৯৯৭ সাল থেকে নিউ ইয়র্কের রাস্তার ট্যাক্সি চালানোর অভিজ্ঞতার কথা জানিয়ে ওসমান চৌধুরী বলেন, “রাতের শিফটে ট্যাক্সি থামিয়ে রেস্টুরেন্টে গিয়ে প্রস্রাব-পায়খানার কিছুটা সুযোগ পাওয়া গেলেও দিনের শিফটে কোনভাবেই সম্ভব হয় না। মহাবিপদে পড়ে ট্যাক্সি থামিয়ে রাস্তার পাশে রেস্টুরেন্টে যেতে বাধ্য হলেও মোটা অংকের জরিমানার টিকিট গুনতে হয় চালককে।”

নিউ ইয়র্কে এক লাখ ৮০ হাজার ট্যাক্সি চালক রয়েছেন বলে জানা গেছে, এর বড় একটি অংশ হলেন বাংলাদেশি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!