ফরাসি ল্যাভেন্ডার রাজ্যে
ল্যাভেন্ডার বা লাভান্দ হলো নীল রঙের ছোট একটি ফুল, উঁচু-নিচু ভূমি নিয়ে দিগন্ত বিস্তৃত হয় ল্যাভেন্ডারের মাঠ। চারদিকে মৌমাছির গুঞ্জন, মাতাল করা ঘ্রাণ আর দিগন্ত ছুঁয়ে যাওয়া নীলের সমুদ্র ল্যাভেন্ডারের মাঠ দেখতে আমরা চলেছি ফ্রান্সের এইক্স এন প্রদেশের একটি ছোট্ট গ্রাম ভ্যালেনসোলে।
ইউরোপের যে কোনো জায়গায় আপনি ভ্রমণে বের হোন না কেনো এবং সেটা যদি হয় ড্রাইভ করে, তাহলে আপনার ভ্রমণ মোটেও বিরক্তিকর লাগবে না। কারন পুরো ইউরোপই অনেক বেশি সুন্দর, ঠিক ছবির মতো। আমাদের ছোটবেলায় পড়া স্টোরি-বুকটা যেনো হঠাৎ করেই চোখের সামনে চলে আসে অথবা মনে হবে সেই বিটিভিতে দেখা মুভি অব দ্য উইক এর ক্লাসিক কোনো ছবির সেট।
চলতে চলতে চোখে পড়বে বিভিন্ন ধরনের ক্ষেত- গম, ভূট্টা, সূর্যমুখী। আর সবচেয়ে বেশি চোখে পড়বে আঙুরের বাগান, আর ঠিক তার পরই আপেল আর পিয়ারের বাগান। ‘পিয়ার’ হচ্ছে অনেকটা আমাদের পেয়ারার মতো ফল। আমাদের এই প্রদেশটি জনপ্রিয় ওয়াইন বা ভিনের জন্য। কতো রকমের আর কতো কতো বছর আগের ওয়াইন যে পাওয়া যায় এখানে, সেটি গুনে শেষ করবার নয়। যখনই আমার বন্ধুরা আমাদের এই প্রদেশে বেড়াতে এসেছেন, প্রায় সবাই যাওয়ার সময় প্রিয় মানুষটির জন্য এক বোতল রেড ওয়াইন নিয়ে যেতে ভুলেননি।
আমিও বিভিন্ন সময় আমার দেশের বন্ধুদের বলেছি, যখনই দেশে আসবো ফরাসি ওয়াইন নিয়ে আসবো তোমাদের জন্য। অনেকে খুশি হয়ে অপেক্ষা করবেন বলেছেন আবার অনেক বিরক্ত হয়েছেন এই ভেবে যে, মেয়েটির মাথা একদম গেছে, অ্যালকোহল অফার করছে! তবে আমি যখন ফরাসি মেন্যু নিই দুপুর বা রাতের খাবারে, সঙ্গে এক গ্লাস রেড ওয়াইন নামক ফরাসি সুন্দরী না থাকলে পূর্ণতা পায় না।
রোন আল্পসের সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিতে পারি ল্যাভেন্ডার মাঠ সম্পর্কে। সেটি হলো পৃথিবীর আরও অনেক জায়গায় কিন্তু ল্যাভেন্ডরের মাঠ রয়েছে। যেমন- নিউ সাউথ ওয়েলস এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সিসিল, টুসক্যানি, ইতালি, এমনকি যুক্তরাজ্যের কিছু কিছু প্রদেশেও ল্যাভেন্ডরের মাঠ রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হলো, ভ্যালেনসোলের ল্যাভেন্ডার মাঠের মতো এতো বিস্তৃত, এতো বড় দীর্ঘ ল্যাভেন্ডারের মাঠ পৃথিবীর আর কোথাও নেই। এই নীলের দিকে তাকালে মনে হবে দিগন্তে গিয়ে এই নীলের সমাপ্তি হলো। রোন আল্পসের এই অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে, আমরা চলে এসেছি আমাদের গন্তব্য এইক্স এন প্রদেশের গ্রাম ভ্যালেনসোলে।
ল্যাভেন্ডারের মাঠকে পাশ কাটিয়ে আমরা প্রথমেই চলে এসেছি ছোট্ট সুন্দর গ্রামটায়। উদ্দেশ্য আগে উদরপূর্তি, তারপর সৌন্দর্য উপভোগ। খাবারের দোকানে ঢোকার আগেই ফেস্টিভ্যালটায় চক্কর দিয়ে ফেললাম এবং কিছু সুভেনির কিনে ফেললাম স্মৃতি হিসাবে রাখার জন্য, সেখানে ছিলো আমার খুব প্রিয় বিভিন্ন আকৃতির ল্যাভেন্ডারের সুগন্ধিযুক্ত মোম। এখানে বলে রাখা ভালো, রাত কাটানোর জন্য ভ্যালেনসোলে এবং এর আশপাশে আছে বিভিন্ন মানের হোটেল এবং ক্যাম্পিং এর ব্যবস্থা। আছে ৫ তারকা হোটেলও যাতে সাধারণত অবস্থান করে উচ্চবিত্ত এবং সেলিব্রেটিরা। তবে অবশ্যই আগে বুকিং দিতে হবে আপনাকে। রাতে থেকে গেলে যেটা হয় সেটা হলো, বিভিন্নভাবে আপনি দেখতে পারবেন ল্যাভেন্ডারের সৌন্দর্য। কখনও সূর্যোদয়ে, আবার কখনও সূর্যাস্তে অথবা গোধূলিবেলায় বা তার আগে কনে দেখা রোদে!
আমার হঠাৎ মনে হলো ছবিতো তুলবো, তবে এই জায়গায় একটা পারিবারিক গ্রুপ ছবি যদি না তুলতে পারি তাহলে অপূর্ণতা থেকে যাবে। না কোনো অপূর্ণতা থেকে যায়নি! আমার সন্তানদের পিতা বললেন, পরিবার নিয়ে একটা গ্রুপ ছবিই তো তুলতে চেয়েছো, সেই ব্যবস্থাও আছে এখানে। আছেন একজন সুদর্শন তরুণ প্রফেশনাল ক্যামেরাম্যান যাকে আমার হালের ক্রেজ গায়ক শন ম্যান্ডেজ বলে ভ্রম হয়েছিলো। তার সঙ্গে আছে একজন অতি সুন্দরী, বিনয়ী মেডমোয়াজেল তরুণী সহকর্মী। তারা বিভিন্ন রকমের ফি’র বিনিময়ে অসাধারণ কিছু ছবি তুলে দিবেন। এই দুজন চমৎকার মানুষ আমাদের বেশ কিছু অসাধারণ মুহূর্ত ফ্রেমবন্ধী করলেন। কথা ছিলো পরে আমাদের ইমেল অ্যাড্রেসে ছবি পাঠিয়ে দেবেন, কিন্তু অ্যাপল আশীর্বাদপুষ্ট হওয়ার কারনে সবগুলো ছবি আমি ফোনে পেয়ে গেলাম।
কিন্তু বাস্তবতা হলো স্বামী আমার বড় বড় নিশ্বাস ফেলে ঘুমাচ্ছেন। হ্যাঁ ফিরে আসার আগে আর একটা জায়গা খুব অল্প সময় নিয়ে আমরা দেখে এসেছি। বিষয়টা হচ্ছে আমার বরের সহকর্মী বলেছিলেন ওই দিকটায় একটা লেক আছে যার পানি টারকুইজ গ্রিন, লোভ সামলাতে না পেরে খুব অল্প সময়ের জন্য তাই আসা। তবে আপনারা যদি আসেন তাহলে দুইদিন সময় নিয়ে আসবেন। খুব অল্প সময় নিয়ে আমরা দেখে এসেছি ‘লেক দু ভারদুন’, এটি আসলে ৪ লেকের সমষ্টি বলা যেতে পারে। এখানে আছে ‘এস্পারন দু ভারদুন লেক’, ‘কিন্সন লেক’, ‘সেইন্ত খ্রোয়া লেক’ ও ‘এবক কেসিয়ন লেক’। সব মিলিয়ে বলা হয়ে থাকে ‘লে লেক দু ভারদুন’।
সবচেয়ে আকর্ষণীয় যেটা দেখবেন এই প্রদেশে সেটা হলো ‘গর্জ দু ভারদুন’ অথবা ‘গ্র্যান্ড ক্যানিয়ন অব ভারদুন’ যা ইউরোপের অন্যতম সুন্দর জায়গা এবং টুরিস্টদের পছন্দের তালিকায় প্রথম সারির। এটা ২৫ কিলোমিটার লম্বা এবং ৭০০ মিটার গভীর। এখান দিয়েই বয়ে চলেছে ভারদুন নদী যার পানির রংও টারকুইজ গ্রিন। এখানে আছে বোটিং, ফিশিং, হাইকিং, রক ক্লাইম্বিং, প্যারাসুট জাম্পিংসহ আরও অনেক কিছুর ইভেন্ট। এখানে আসলে উপভোগ করতে পারবেন প্রকৃতি এবং তারুণ্যকে। যতই ব্যাক পেইন থাকুক আর যতই জীবনের যুদ্ধ আর বয়সের ভারে ক্লান্ত হই না কেনো, এই ভ্রমণ, এই প্রকৃতি আমাদের নিয়ে যাবে দুর্বার আঠারোতে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
