২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে দেশে প্রবাসীদের ঈদ উদযাপন

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন বিশ্বে নানা প্রান্তে বসবাসকারী মুসলিম প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2018, 12:56 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

সৌদি আরবের সাথে মিল রেখে কোনো কোনো দেশে মঙ্গলবার ঈদুল আজহা পালিত হয়েছে, আবার কিছু দেশে বুধবার পালিত হচ্ছে।

যুক্তরাষ্ট্র:

নিউ ইয়র্ক থেকে বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি জানান, যুক্তরাষ্ট্রের অধিকাংশ স্থানে সৌদি আরবের সাথে মিল রেখে মঙ্গলবার ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে। তবে চাঁদ দেখার শরিয়তি মারপ্যাচের কারণে কিছুসংখ্যক মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বুধবার।

নামাজের পরই প্রবাসী বাংলাদেশিরা পশু কোরবানির জন্যে বিভিন্ন খামারে চলে যান। মুসলিম আমেরিকানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত ‘কেয়ার’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সবখানে চমৎকার আবহাওয়া বিরাজ করায় সহস্রাধিক মুক্ত ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ভেতরে অনুষ্ঠিত হয় আড়াই হাজারের অধিক ঈদ জামাত।

নিউ ইয়র্ক অঞ্চলে সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে থমাস এডিসন হাই স্কুল মাঠে। সেখানে মার্কিন রাজনীতিকরা মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাতে এসেছিলেন। এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ মসজিদের ঈদ জামাতেও অনেক প্রবাসীরা অংশ নেয়।

 

যুক্তরাষ্ট্রের জর্জিয়া থেকে রুমী কবির জানান,  মঙ্গলবার জর্জিয়া রাজ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছে আটলান্টার ডাউন টাউনের আল ফারুখ মসজিদে।

আটলান্টার গুইনেট কাউন্টির ইনফিনিটি এনার্জি ফোরামের মিলনায়তনে পর পর দুটি জামাতের আয়োজন করা হয়েছিল। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সাড়ে ৮টায় সম্পন্ন হয়। এছাড়া ডোরাভিলে বাংলাদেশি ব্যবস্থাপনায় আত তাকওয়া মসজিদে দুটি জামাতের প্রথমটি সকাল সাড়ে ৮টায় এবং দ্বিতীয়টি সাড়ে ৯টায় সম্পন্ন হয়েছে।

নামাজ শেষে অনেককেই কোরবানির উদ্দেশে ছুটে গেছেন শহর থেকে দূরের পশু খামারগুলোর দিকে। অনেকেই খামারের সাথে যোগাযোগ করে আগেভাগেই পশু পছন্দ করে রেখেছিলেন। আবার কেউ কেউ গ্রোসারি স্টোরগুলোতেও আগাম কোরবানির সকল ব্যবস্থা নিয়ে রেখেছিলেন।

ঈদকে সামনে রেখে বাংলাদেশি কমিউনিটির অনেকেই কাজ থেকে আগাম ছুটি নিয়েছিলেন। তবে এবারে মঙ্গলবার উইক ডে’তে ঈদের দিনক্ষণ হওয়ায় অনেকের পক্ষেই কাজ থেকে ছুটি নেওয়া সম্ভব হয়নি। তবে ঈদের নামাজ আদায়ের জন্যে অল্প সময়ের ছুটি নিতে পেরেছেন অনেকেই।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে বিশ্বজিৎ দে বাবলু জানান, নিউ জার্সি অঙ্গরাজ্যর প্যাটারসনে যথাযথ মর্যাদায় মঙ্গলবার সকালে তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ আল-ফেরদৌসের পরিচালনা কমিটি ইসলামিক মিশন অব নিউ জার্সির উদ্যোগে মসজিদ সংলগ্ন পার্কিং লটে একটি ঈদ জামাত আনুষ্ঠিত হয়। এ ঈদ জামাতে ইমামতি করেন মসজিদ আল-ফেরদৌসের খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুস মঞ্জলালী। ইসলামিক কংগ্রেগেশন অব নর্থ জার্সির উদ্যোগে প্যাটারসনের প্রিকনেস এভিনিউতে অবস্থিত মসজিদ আবু বকরে আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইমাম মাওলানা শরিফ উদ্দিন। টোটোয়া এভিনিউর মসজিদ আদমে আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইমাম মোহাম্মদ রহমান।

অস্ট্রিয়া:

অস্ট্রিয়া থেকে আনিসুল হক জানান, যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করেছে অস্ট্রিয়া প্রবাসী বাংলাদেশি মুসলিমরা।

প্রবাসী বাংলাদেশি মুসলিম সম্প্রদায় কর্তৃক পরিচালিত পাঁচটি মসজিদে এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা, সাড়ে ৯টা ও ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ভিয়েনায় বাংলাদেশিদের অর্থে কেনা জমির উপর নির্মিত ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম’-এ স্থানীয় সময় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা সাইদুর রহমান, দ্বিতীয় জামাতে ইমামতি করেন মাওলানা গোলামুর রহমান আল আজাহারী ও তৃতীয় জামাতে ইমামতি করেন মাওলানা হাফেজ আবু জাফর।

দ্বিতীয় জামাতে বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, কাউন্সেলর ও চ্যান্সারি প্রধান রাহাত বিন জামান, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি, এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, বিএনপি নেতা শান্ত খান রুবেল, বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম ভিয়েনার কর্মকর্তা আবিদ হোসেন খান, জাহাঙ্গীর আলম, আহমেদ ফিরোজ, শিল্পী আবুল কালাম, শফিকুল ইসলাম, শাহ কামাল, নয়ন হোসেন, মাহাবুব খান শামীম, ইমরুল কায়েস, অবদুর রব খানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

অন্যান্য বছরের মতো এবারও ভিয়েনায় বসবাসকারী বাংলাদেশিদের অনেকেই কোরবানি দিয়েছেন। ভিয়েনা শহরের মধ্যে পশু জবাই করা নিষিদ্ধ থাকায় শহরের বাইরে কসাইখানায় কোরবানি দিতে হয়। আর এইসব কসাইখানাগুলো ভিয়েনা থেকে বেশ দূরে। কোরবানির এক-দুই মাস আগে কসাইখানায় গিয়ে পশু নির্দিষ্ট করে বুকিং দিতে হয় এ দেশে। কোরবানির মাংস কেটে তা গুছিয়ে দেওয়ার জন্য ওই সময়টাতে কসাইখানা কর্তৃপক্ষ মুসলমান কর্মচারী নিয়োগ দেন।

স্পেন:

 

সাহাদুল সুহেদ স্পেন থেকে জানান, আনন্দ-উৎসবের মধ্য দিয়ে স্পেনে ঈদুল আজহা উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার স্পেনে বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করেছে।

স্পেনের সবচেয়ে বড় মসজিদ ভেনতাস ইসলামিক সেন্টার মসজিদে সকাল ৮টায় ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শাফিউল্লাহ, প্রথম সচিব (শ্রম) শরিফুল ইসলাম এ জামাতে নামাজ আদায় করেন।

মাদ্রিদে বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েসের পাশে কাসিনো পার্কের খোলা ময়দানে সকাল ৮টা ও ৯টায় ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মুকাররম বাংলাদেশ মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে এ ঈদের নামাজের আয়োজন করা হয়। জামাত দুটিতে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, মরক্কো, সেনেগাল, আফগানিস্তানসহ বেশকিছু দেশের প্রায় পাঁচ হাজার অভিবাসী মুসল্লী অংশ নেন।

কাসিনো পার্কে ঈদের প্রথম জামাতে নামাজ আদায় করেন স্পেনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ। বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা রাভালে শাহ জালাল জামে মসজিদে অনুষ্ঠিত ঈদের তিনটি জামাতে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। ঈদের নামাজের দুটি জামাত (সকাল সাড়ে ৭টা ও সকাল ৯টা) মসজিদে এবং একটি জামাত (সকাল ৮টা) মসজিদ সংলগ্ন খালি ময়দানে আয়োজন করে মসজিদ পরিচালনা কমিটি।

এছাড়াও লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৭টা ৪০ মিনিট, ৮টা ২০ মিনিট ও ৯টায় ঈদের নামাজের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি প্রথমবারের মতো মাকবা স্কয়ারে সকাল সাড়ে ৮টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়।

স্পেনে প্রকাশ্যে কোরবানি দেওয়ার সুযোগ না থাকলেও স্থানীয় বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারি দোকানগুলোতে কোরবানির জন্য খাসির অর্ডার নেওয়া হয়েছিল। নামাজ শেষে গ্রোসারি দোকানের মালিকরা মাংস সরবরাহকারী আরব কোম্পানি থেকে খাসি এনে গ্রাহকদের সরবরাহ করেন।

পর্তুগাল:

 

পর্তুগাল থেকে রনি মোহাম্মদ জানান, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার পর্তুগালের লিসবন, পোর্তো,  আলগ্রাব ও কোইমব্রা শহরে পালিত হয়েছে ঈদুল আজহা। 

বাংলাদেশি অধ্যুষিত পর্তুগালের লিসবনের মাতৃমনিজ পার্কের মাঠে প্রবাসী বাংলাদেশিদের ঈদের বড় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। লিসবন বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবু সায়িদ ঈদুল আজহার জামাত পরিচালনা করেন। নামাজের আগে ঈদুল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করেন মাওলানা ইব্রাহিম মোল্লা।

পর্তুগালের নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত মো.রুহুল আলম সিদ্দিকী, দূতাবাসের প্রথম সচিব মো.হাসান আব্দুল্লাহ তৌহিদসহ দূতাবাসের কর্মকর্তা ও পর্তুগাল কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরা ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

এছাড়াও পোর্তোর রুয়া দে লউরেইরোর হযরত হামজা (রঃ) মসজিদে ঈদুল আজহার দুটি জামাত অনুষ্ঠিত হয়।

লিসবনের সেন্ট্রাল জামে মসজিদে দুটি, ওধিবিলাসে একটি, ওধিবিলাস জামে মসজিদে দুটি, আমাদোরার জামে মসজিদ, রিবাইরালো বাংলাদেশি জামে মসজিদ, লংগাইরা-আলমোগরাভ, আলগ্রাবে বাঙালি অধ্যুষিত এলাকায়, কাসকাইস বাংলাদেশি জামে মসজিদে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া পোর্তোর মিনদেলো পাইকারী বাজার মসজিদে একটি, কোইমব্রা জামে মসজিদে সকালে একটি ঈদের জামাতসহ পর্তুগালের বিভিন্ন শহরের আশপাশের বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কুয়েত:

 

আ হ জুবেদ কুয়েত থেকে জানান, যথাযোগ্য মর্যাদায়  কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৫টা ৪০ মিনিটে ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে এ মসজিদে।

কুয়েতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েতের জাতীয় মসজিদ ‘মসজিদ আল কাবিরে’। কুয়েতের খারেজা বিন জায়েদ, সালেহ আল ফাদালা, উসমান বিন আফফান, সালেহ আল নামাশ, আতিকী, ওমর বিন খাত্তাব (রঃ), নাদী ফুরুসিয়া, নাসের বেদাইনসহ আরও বেশ কয়েকটি মসজিদে ঈদের জামাতে বাংলা খুৎবা পাঠ করা হয়।

কুয়েত প্রবাসী বাংলাদেশিরা তাদের সাধ্যমতো দুম্বা ও গরু কোরবানি দিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!