২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2018, 12:19 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

বুধবার ম্যানহাটানে কস্তুরি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় যুক্তরাষ্ট্র ও কানাডায় পলাতক দুই ঘাতককে অবিলম্বে বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যে দুই দেশের প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সরকার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আকবর আলী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ‘শেখ হাসিনা মঞ্চ’-এর সভাপতি আব্দুল জলিল। তিনি বলেন, “সভ্য সমাজের নিষ্ঠুরতম হত্যাযজ্ঞের শিকার শিশু রাসেল এবং বাঙালি জাতির পিতা শেখ মুজিবসহ পরিবারের সদস্যরা। তেমন একটি নৃশংসতার জন্যে সর্বোচ্চ আদালতে দণ্ডিতদের আশ্রয় দিয়ে ট্রাম্প প্রশাসন অবশিষ্ট বিশ্বের কাছে কী ম্যাসেজ দিচ্ছে।”

সংগঠনের উপদেষ্টা হেলাল মাহমুদ বলেন, “পঁচাত্তর এবং একাত্তরের হায়েনার দলের অনুসারিরা এই প্রবাসেও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদেরকে সমুচিত জবাবদানে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সংগঠনের দফতর সম্পাদক মোতাসিম বিল্লাহ দুলাল শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে মুক্তিযুদ্ধের পক্ষের মধ্যেকার অনৈক্য দূর করার কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেখ হাসিনা মঞ্চের সেক্রেটারি কায়কোবাদ খান, আয়োজক সংগঠনের যুগ্ম সম্পাদক ফয়েজ কবীর, অর্থ সম্পাদক কামাল শেখ, সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান, কাশেম ভূইয়া, শেখ হামাল ও মোহাম্মদ নাসের।