২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করল ‘ফামাক্যাশ’

যুক্তরাষ্ট্র প্রবাসীদের বিনিয়োজিত অর্থের প্রতিষ্ঠান ‘ফামাক্যাশ’-এর উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 01:09 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

শনিবার নিউ ইয়র্কের ম্যারিয়ট লাগায়ার্ডিয়া হোটেলের বলরুমে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন।

এ সময় তার পাশে ছিলেন ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধান, যুক্তরাষ্ট্রের সিবিডব্লিউ ব্যাংকের প্রেসিডেন্ট সঞ্চিতা পদ্মামানভন, ফামাক্যাশের প্রেসিডেন্ট ও সিইও শসাইফুল খন্দকারসহ প্রতিষ্ঠানটির পরিচালকরা।

ফামাক্যাশের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এটি মোবাইল ব্যাংকিং-এর পাশাপাশি বিভিন্ন স্থানে স্থাপিত রেমিটেন্স হাউজ, এজেন্টের মাধ্যমেও অর্থ পাঠাতে পারবে।

অনুষ্ঠানে অনেকের মধ্যে বক্তব্য দেন ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ইকনোমিক মিনিস্টার সাহাবুদ্দিন পাটোয়ারি, ফামাক্যাশের পরিচালক ইঞ্জিনিয়ার আবু হানিপ, হোসাইন সিরাজি, রবিউল করিম বেলাল, সংস্থাটির বাংলাদেশ অফিসের এমডি খাজা রেহান বখত ও কংগ্রেসওম্যান গ্রেস মেং-এর কমিউনিকেশন ডাইরেক্টর জর্দান গল্ডেস।

এই সংস্থার সিইও সাইফুল খন্দকার বলেন, “নামমাত্র ফি-তে এক ক্লিকেই প্রবাসীর স্বজনেরা অর্থ পেয়ে যাবেন। বাংলাদেশের রূপালী ব্যাংক থেকে সে অর্থ উত্তোলন করা যাবে কিংবা মোবাইলে তা জমা হবে।”

সাইফুল উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রবাসীরাও অন্য সিটির লোকজনের কাছে একই প্রক্রিয়ায় অর্থ পাঠাতে পারবেন। মধ্যপ্রাচ্য, ইউরোপেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী পর্বের প্রধান অতিথি রূপালী ব্যাংকের চেয়ারম্যান মঞ্জুর হোসেন বলেন, “আজকের দিনটি আমেরিকা প্রবাসীদের জন্যে যেমন ঐতিহাসিক একটি দিন, একইভাবে রূপালী ব্যাংকের জন্যেও নবদিগন্ত উম্মোচনকারী একটি মুহূর্ত।”

রুপালী ব্যাংকের সিইও আতাউর রহমান প্রধান বলেন, “গত বছর আমি এই নিউ ইয়র্কে একটি সুধী সমাবেশে অঙ্গীকার করেছিলাম প্রবাসীদের জন্যে বিশেষ কিছু করার। সে তাগিদেই ‘ফামাক্যাশ’-এর সাথে রূপালী ব্যাংকের গভীর একটি সম্পর্ক রচিত হতে যাচ্ছে। শীঘ্রই আমরা বাংলাদেশে রূপালী ব্যাংকের সকল শাখার মাধ্যমে ফামাক্যাশ প্রেরিত অর্থ গ্রাহকের অ্যাকাউন্টে অথবা মোবাইলে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করবো।”

সংস্থার পরিচালক আবু হানিপ বলেন, “যুক্তরাষ্ট্রে ৬০ বিলিয়ন ডলারের রেমিটেন্স মার্কেট। এটি ধরতে পারলে ফামাক্যাশ’-এর অগ্রযাত্রা তথা প্রবাসীদের স্বপ্ন পূরণে আর কোন সমস্যা থাকবে না।”

হানিপ বিশেষভাবে উল্লেখ করেন, আইটি স্পেশালিস্ট হিসেবে সাইফুল খন্দকার দীর্ঘদিন চেষ্টার পর এই অ্যাপস তৈরি করেছেন, যা অত্যন্ত নিরাপদ এবং তড়িৎ কাজ করতে সক্ষম। এটাই হবে এই কোম্পানির এগিয়ে চলার ক্ষেত্রে বড় পাথেয়।

সংস্থার আরেক পরিচালক হাসানুজ্জামান হাসান বলেন, “সারা আমেরিকার প্রবাসীরা আজ এই সংস্থায় ঐক্যবদ্ধ। দলমত-নির্বিশেষে, এমনকি ফোবানার উভয় গ্রুপের কর্মকর্তারাও এসেছেন। নিজের, কমিউনিটির এবং জাতীয় স্বার্থে ঐক্যের এই ধারাকে এগিয়ে নিতে ফামাক্যাশ অভুতপূর্ব ভূমিকা রাখবে-তা বলার অপেক্ষা রাখে না।”

মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের অন্যতম সদস্য গ্রেস মেং-এর প্রতিনিধি হিসেবে জর্দান গল্ডেস শুভেচ্ছা জানিয়েছেন ফামাক্যাশকে।

ইকনোমিক মিনিস্টার বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে রেমিটেন্স অপরিহার্য একটি অঙ্গ হিসেবে উল্লেখ করে বলেন, “ফামাক্যাশ সেই ইস্যুতে অপরিসীম ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করছি।”

এ অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ফোবানার নির্বাহী চেয়ারপারসন মীর চৌধুরী ও নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, ডেমোক্র্যাট মজিবর রহমান, বাংলাদেশ সোসাইটির জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিক, সাবেক সেক্রেটারি ফখরুল আলম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, শিক্ষা সম্পাদক আহসান হাবীব, ড্রামা সার্কলের প্রতিষ্ঠাতা-সভাপতি নারগিস আহমেদ ও বর্তমান কমিটির সভাপতি আবীর আলমগীর।

এছাড়া ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ফামাক্যাশে বিনিয়োগকারী খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ওসমান চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সভাপতি রব মিয়া ও সেক্রেটারি জাহিদ মিন্টু, মিরসরাই সমিতির সভাপতি কাজী নয়ন, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী আজম, কক্সবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নুরূল আজিম, ডেমোক্র্যাট আব্দুস শহীদ এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার।

ফামাক্যাশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দ্য বেস্ট ওয়ে টু স্পেন্ড, সেন্ড অ্যান্ড রিসিভ মানি’ স্লোগানে উজ্জীবিত ‘ফামাক্যাশ’-এর মাধ্যমে বহুজাতিক স্টোরগুলোতে কেনাকাটা ছাড়াও সব ধরনের দৈনন্দিন বিল পরিশোধও করা যাবে। বিভিন্ন উৎসবে মূল্যহ্রাসের কুপনও ব্যবহার করা যাবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!