বঙ্গবন্ধু পরিষদের জর্জিয়া শাখা গঠিত
আটলান্টায় ‘যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ’-এর জর্জিয়া শাখা গঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নুরন নবীর সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় আটলান্টা সিটির মনসুন মাসালা রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটির ঘোষণা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রুমী কবির ও সাধারণ সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান ভূঁইয়া।
কমিটির অন্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি মোহাম্মদ আলী হোসেন, মোজাম্মেল হক ও এম এইচ আকমল, যুগ্ম সাধারণ সম্পাদক এ এইচ রাসেল, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ ভূঁইয়া, সেমিনার ও গবেষণা সম্পাদক আরফীন চৌধুরী পিয়াল, সাংস্কৃতিক সম্পাদক শামীমুল ইসলাম শামীম এবং জনসংযোগ সম্পাদক মাহবুব আলম সাগর।
কার্যকরী সদস্যরা হলেন— রাশেদুল করিম রিপন, রাশেদা বেগম, চন্দ্রশেখর দত্ত, মনিরুল ইসলাম, রাসেল ভূঁইয়া, ভাস্কর চন্দ, আব্দুল আজাদ কয়েস ও সৈয়দ আহমেদ সোহেল।
এছাড়া নয় সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন— মোহাম্মদ আব্দুর রশিদ মোল্লা, মুহম্মদ আজিজুর রহমান, শাহীন হুসেইন, গোলাম রহমান, শাহাব সিদ্দিকী, সুভাষ চক্রবর্তী, মোহাম্মদ আব্দুল হক, বোরহান উদ্দিন আহমে ও হাসান হাফিজ।
নবী তার শুভেচ্ছা বক্তব্যে বঙ্গবন্ধুকে ‘হাজার বছরের শ্রেষ্ঠ মানব’ হিসেবে আখ্যায়িত করে নতুন প্রজন্মের কাছেও এই মহান নেতার নানান দিক তুলে ধরার অনুরোধ জানান নতুন কমিটির সংগঠকদের প্রতি।
নবী বলেন, “দুই বছর আগে একবার জর্জিয়া শাখার অনুমোদন দিয়েছিলাম। তবে সেটির কার্যক্রম শুরু না হওয়ায় কিছুদিন আগে আবারও রুমীকে কমিটি পুনর্গঠন করার অনুরোধ জানিয়েছিলাম। আজ আমার সত্যি আনন্দের দিন, জর্জিয়ায় বঙ্গবন্ধুর আদর্শের অনেক মুখ একসাথে দেখতে পাচ্ছি।”
নবনির্বাচিত সভাপতি রুমী কবির জর্জিয়ায় বঙ্গবন্ধুর অনুসারী ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকল প্রবাসীকে বঙ্গবন্ধু পরিষদের সর্বপ্রকার কর্মসূচিকে সফল করে তোলার আহ্বান জানান।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ভূঁইয়া বঙ্গবন্ধু পরিষদ কোন প্রতিদ্বন্দ্বী দল নয় উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শের সকল সংগঠনের সাথে সম্প্রীতির সম্পর্ক স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
মাহবুবুর রহমান ভুঁইয়ার পরিচালনায় এ সভার প্রথম পর্বে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণমূলক এক আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় একাত্তরের মুক্তিযুদ্ধের কাদের বাহিনীর থার্ড-ইন-কমান্ড মুক্তিযোদ্ধা নুরন নবী নয় মাসের রণাঙ্গনের নানা দুঃসাহসিক ঘটনার বর্ণনা করেন।
এবছর বাংলা একাডেম্মি ফেলোশিপপ্রাপ্ত নবী তাঁর রচিত ‘জন্ম ঝড়ের বাংলাদেশ’ গ্রন্থ থেকে যুদ্ধকালীন বেশ কয়েকটি উদ্ধৃতি দিয়ে বিজয়ের লগ্নে কাদেরিয়া বাহিনীর ঢাকা শহর জয়ের উত্তেজনাময় মুহূর্তগুলোর সাবলীল বর্ণনা তুলে ধরেন।
এসময় জিনাত নবীও মুক্তিযুদ্ধে শরণার্থী ক্যাম্পে তার সেবামূলক নানা অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
আলোচনায় আরও অংশ নেন মোহাম্মদ আলী হোসেন, মোজাম্মেল হক, নজরুল ইসলাম, মারুফ ভূঁইয়া, রাসেল ভূঁইয়া, মাহবুব আলম সাগর ও আরফীন চৌধুরী পিয়াল।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
