২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 11:07 AM

Updated : 11 Oct 2022, 12:33 PM

শুক্রবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

নিউ ইয়র্ক অঞ্চলের দক্ষিণ এশিয়ানদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেশিজ রাইজিং আপ অ্যান্ড মুভিং’ (ড্রাম)-এর ব্যানারে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।

বাংলাদেশে স্বজনের নিরাপত্তায় সকলেই যথাযথ পদক্ষেপ নেওয়ারর দাবি জানিয়েছে এ কর্মসূচিতে।  বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে ক্ষোভ-বিক্ষোভের প্রেক্ষাপটে গণপরিবহনের অব্যবস্থাপনার জন্য নৌ-মন্ত্রীকে দায়ী করা হয় এ মানববন্ধন থেকে। একইসাথে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়িত করার স্বার্থেই দুর্ঘটনার জন্যে দায়ী সকলকে আদালতে সোপর্দ করার কথা বলা হয়।

ড্রামের সংগঠক কাজী ফৌজিয়ার সার্বিক তত্ত্বাবধানে এ মানববন্ধনে সংহতি জানিয়ে স্থানীয় কমিউনিটি বোর্ড মেম্বার ওসমান চৌধুরী বলেন, “নিরাপদ সড়কের দাবি শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের নয়, সমগ্র জনগোষ্ঠীর। এতদসত্ত্বেও সংশ্লিষ্টরা কেন এ নিয়ে টালবাহানা করছে, তা সত্যি বিস্ময়ের ব্যাপার।”

ওসমান চৌধুরী আরও বলেন, “আমাদের সন্তানেরা রাস্তায় নেমে ট্রাফিক এজেন্টের কাজ করছে। এর পরও দায়িত্বশীলরা কেন লজ্জিত হয়ে দুর্ঘটনা প্রতিরোধে জোরালো ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না?”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!