নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনী তফসিল ঘোষণা
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’ তাদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে।
আগামী ২১ অক্টোবর ২০১৯-২০২০ মেয়াদের জন্য ১৯ সদস্যের কার্যকরী কমিটির এ নির্বাচন হবে পাঁচটি কেন্দ্র থেকে, প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীরা মনোনয়নপত্র কিনতে পারবেন ১৯ ও ২০ অগাস্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির অফিসে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান এস এম জামাল ইউ আহমেদ।
লিখিত বক্তব্যে গণমাধ্যমকর্মীদের সহায়তা চেয়ে তিনি বলেন, “৪৩ বছরের পুরনো বাংলাদেশ সোসাইটির সর্বশেষ নির্বাচনে ১৮ হাজার ভোটার ছিল। এবার প্রায় ১০ হাজার বেড়েছে।”
তিনি জানান, সভাপতি প্রার্থী সাড়ে ৫ হাজার ডলার, জ্যেষ্ঠ সহ সভাপতি সাড়ে ৪ হাজার ডলার, সহ সভাপতি ৪ হাজার ডলার, সাধারণ সম্পাদক ৪২০০ ডলার, সহকারি সাধারণ সম্পাদক ২৭০০ ডলার, কোষাধ্যক্ষ ২৫০০ ডলার, সাংগঠনিক সম্পাদক ১৮০০ ডলার, বিভাগীয় সম্পাদক ১৫০০ ডলার এবং ছয়টি নির্বাহী সদস্য পদের মনোনয়ন কেনার জন্যে লাগবে ১২০০ ডলার করে।
মনোনয়নপত্র জমা নেওয়া হবে ২৬ অগাস্ট, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অগাস্ট এবং ৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনের চেয়ারম্যান।
এদিকে নির্বাচন ঘিরে দুটি প্যানেলের আবির্ভাব ঘটেছে বলে জানা গেছে। বর্তমান সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী একই পদে ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী প্রার্থী হচ্ছেন সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্যানেল থেকে। ‘কাজী নয়ন-মোহাম্মদ আলী’ এবং ‘রব মিয়া-রুহুল সিদ্দিকী’ প্যানেলের বাইরে একক প্রার্থী হিসেবে সভাপতি পদে জয়নাল আবেদীন ও ওসমান চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি কামাল আহমেদ, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আবুল খায়ের খালেক, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মণিকা রায়, সাহিত্য সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ, ক্রিয়া ও আপ্যায়ন সম্পাদক নওশাদ হোসেন, নির্বাহী সদস্য আজাদ বাকির, আবুল কাশেম চৌধুরী ও সারওয়ার খান বাবু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
