২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মৃত্যু: দায়ী চালকদের ফাঁসির দাবিতে নিউ ইয়র্কে সমাবেশ

বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এসবের সাথে যুক্ত গাড়ি চালকদের ফাঁসির দাবিতে সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2018, 08:27 PM

Updated : 25 Jul 2022, 08:36 PM

মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ‘সচেতন নাগরিক সমাজ’ আয়োজিত এক সমাবেশে ওই দাবি জানানো হয়।

ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সমাবেশে সড়কে বেপরোয়া গাড়ি চালানোর জন্য মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে বিচারের দাবি জানান বক্তারা। নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগও দাবি করেন সমাবেশের সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ।

সাংবাদিক ও নাট্যকার তোফাজ্জল লিটনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুজাহিদ আনসারি, সৈয়দ জাকির আহমেদ রনি, মিথুন আহমেদ এবং গোপাল স্যান্ন্যাল।

সৈয়দ মোহাম্মদ উল্লাহ সভাপতির বক্তব্যে বলেন, ‘পরিবহন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে যে অরাজকতা এবং দুর্নীতি চলছে তা সরকারকে শক্ত হাতে দমন করতে হবে। বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করতে হবে। লাইসেন্স ছাড়া কেউ যেনো গাড়ি চালাতে না পারে এবং ফিটনেস ছাড়া যেন কোনও গাড়ি রাস্তায় না নামতে পারে সে ব্যাপারেও সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

কমিউনিটি অ্যাকটিভিস্ট মুজাহিদ আনসারি বলেন, ‘জনগণের করের টাকায় বেতনভুক্ত পুলিশ বাহিনী সব সময় এই সরকারের পক্ষে থাকতে পারবে না। তারা যে সরকার আসবে সেই সরকারের কাজ করবে। তাই বর্তমান সরকারকে ভাবতে হবে সেই পুলিশকে দিয়ে এই সকল কোমলমতি শিশু-কিশোরদের রক্তাক্ত করা ঠিক হচ্ছে কী না!’

 ‘এসকল প্রতিবাদী সন্তানেরা শহীদ সালাম, বরকত এবং জব্বারের উত্তরসূরি। তারা প্রতিবাদ করতে শিখেছে বঙ্গবন্ধুর কাছে থেকে। তাদের রক্তে রাজপথ রঞ্জিত না করে এ সকল হত্যার দ্রুত বিচার করতে হবে’, বলেন আনসারি।

নিউ ইর্য়কে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির আহমেদ রনি বলেন, ‘সড়কে বাসগুলো ব্যপক প্রতিযোগিতার কারণেই এসব হত্যার হার বেড়ে চলেছে। সড়ক ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে গেছে। এর কারণ তারা মুনাফার লোভে কোনও আইনকানুন তোয়াক্কা করছে না। আবার যে সকল দুর্ঘটনা ঘটছে তার বিচার হচ্ছে না। তার সুষ্ঠু বিচার না হওয়ার অন্যতম কারণ পরিবহন শ্রমিকদের নেতা নৌ মন্ত্রী শাহজাহান খান সবসময় তাদের পক্ষ অবলম্বন করে কথা বলেন এবং সারাদেশে গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। সরকারের কাছে আহ্বান থাকবে এই লোকটিকে নিয়ন্ত্রণ করার জন্য।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক মিথুন আহমেদ বলেন, ‘যে সকল হত্যাকাণ্ড হয়েছে সরকার একটি তদন্ত কমিটি গঠন করে তার বিচার করতে হবে। দুই কিশোর-কিশোরী হত্যা এবং তাদের বিচার চাইতে না দেওয়ার বিষয়টি খুব অমানবিক। আমাদের সব বিষয়ের শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী। আমরা আশা করবো শেখ হাসিনা এই বিষয়ে একটি ব্যবস্থা নেবেন।’

নিউ ইয়র্ক গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক গোপাল স্যান্নাল বলেন, ‘দেশের প্রতিটি ঘরে যখন একজন করে সড়কে দুর্ঘটনায় মারা যাবেন তখন কী সরকারের টনক নড়বে ? সরকার কোনো আন্দোলন হলেই তাকে দেশ বিরোধী রাজাকার এবং অন্য অনেক অপবাদ দিয়ে কোনঠাসা করার অপপ্রয়াস চালায়। এসব কোমলমতি সন্তানদের যেন কোনও কিছু দিয়ে অপবাদ দেওয়া না হয়।’

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!