শুধু কি বাঙালিই কাঁদে?
ছোটবেলায় যখন নানাবাড়ি যেতাম আমার নানি আমাকে দেখে সবকাজ ফেলে ছুটে এসে বুকের ভিতর জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করতেন, সেটা আমাকে পাবার আনন্দে। আর আসার সময় কাঁদতেন হারাবার বেদনায়।
নানিকে বলতাম, তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমি আর কোনওদিন আসবো না, এরপরও নানির কান্না থামেনি। যতবার গেছি নানিকে দেখতে একই দৃশ্য। পরে প্রস্তুত হয়েই যেতাম। মাঝে মাঝে যখন ভাবি তখন বুকের মধ্যে চিনচিন করে। এই যে এক অদ্ভুত সংযোগ এক হৃদয় থেকে আরেক হৃদয়ে। মোবাইলের সংযোগ যান্ত্রিক কারণে হয়তো ওঠানামা করে কিন্তু এর সংযোগ কখন ওঠানামা করেনা একই ধারায় প্রবাহিত।
অনেক কবি সাহিত্যিকও বাঙালির এই আবেগ প্রবণতা, কান্নার প্রবণতাকে সবার কাছে উজ্বলভাবে দৃষ্টিগোচর করেছেন। আমার মনে হয়, আমাদের এইসব কবি সাহিত্যিকরা বিশ্বকে ঘুরে দেখেননি বা বিশ্বের অন্যদের সম্বন্ধে তাদের ধারণা খুবই কম। শুধু কি বাঙালিই কাঁদে?
আমার বউ জন্মসূত্রে স্লোভাক। পরিচয় হবার পর থেকে আস্তে আস্তে বুঝতে পারলাম সে খুবই আবেগপ্রবণ, ছোটখাটো সব কিছুতেই চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে। তার এই আবেগ প্রবণতা দেখে আমার মনে হয়েছিল নানিকে কঠোর হয়ে আমি যে কঠিন শর্ত দিয়েছিলাম বিধাতা এখন তার শোধ দিচ্ছেন আমার উপর।
এ সপ্তাহ থেকে জার্মানির বায়ার্ন প্রদেশের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি শুরু হল। ছুটি ঘোষণা করা হয় প্রতিবছর জুলাইয়ের শেষ শুক্রবারে। প্রত্যেক বছর এই দিনে বিদ্যালয়ের সামনে 'ক্রন্দন মেলা' শুরু হয়। ভিনদেশি বাচ্চারা পড়ে এখানে। অনেকেই পুরানো বন্ধু-বান্ধবীর, শিক্ষক-শিক্ষিকার সঙ্গে দেখা হবে না, বিদ্যালয় ফেলে যেতে হচ্ছে- সেই বেদনায় কান্নাকাটি শুরু করে। এই দেশে বন্ধুত্ব বয়স মেনে হয় না, আমাদের দেশের মত জ্যেষ্ঠতা কনিষ্ঠতা মেনে চলতে হয় না। সেক্ষেত্রে তৃতীয় শ্রেণীর কেউ চতুর্থ শ্রেণীর যে স্কুল ছেড়ে চলে যাচ্ছে আর দেখা হবে না সেই বেদনায় কাঁদাকাটি করছে।
এদিন বাচ্চাদের সারা বছরের চূড়ান্ত ফলাফলও জানিয়ে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ, সেই সাথে ছুটি ৬ সপ্তাহের জন্য। ছুটির দিনটি থেকেই আমার বাচ্চাটা প্রশ্ন শুরু করেছিল- বাবা যখন ছুটি শুরু হয় তখন কী তোমার আনন্দ হয়? আমি বললাম, কোনও কোনও ক্ষেত্রে আনন্দ তো হয়ই। কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে বলল অন্য কথা- “বাবা আমার কিন্তু আনন্দ লাগছে না। স্কুল বন্ধ হয়ে যাবে, আমি স্কুলে যেতে পারবো না, তারপর আমার শিক্ষিকা মিসেস রোজিভালকে দেখতে পারবো না। উনি খুব ভাল, আমাকে খুব ভালবাসে। উনাকে না দেখে ছয় সপ্তাহ থাকা কঠিন।
গতবছরও এরকম হয়েছিল যখন ছুটি চলছিল হঠাৎ করে একদিন হাউমাউ করে আমার বাচ্চাটি কান্নাকাটি শুরু করল। কী হলো জানতে চাওয়ায় বলল- “বাবা আমার শিক্ষিকা মিসেস ফেল্ডবাউমের কথা মনে হয়ে খারাপ লাগছে তাই।” এখানে একটা কথা উল্লেখ করা জরুরি বাংলাদেশের মত এখানে অর্থাৎ বায়ার্নে প্রত্যেকটা বিষয়ের জন্য একজন করে শিক্ষক নেই। যে শিক্ষক যে শ্রেণির দায়িত্বে ওই শ্রেণির সব বিষয়ই সেই শিক্ষক পাঠদান করেন। শুধু সঙ্গীতশাস্ত্র, নীতিশিক্ষা এবং ইংরেজির ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হতে পারে। এই বিষয়গুলোর ক্ষেত্রে অন্য শিক্ষক পাঠদান করে থাকেন।
যেমন- আমার মেয়ে খ্রিস্টান ধর্ম পড়েনা বিধায় সে নীতিশিক্ষা গ্রহণ করে। এরা মনে করে একজন শিক্ষকের অধীনে পাঠ নিলে শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বোঝাপড়া ভালো থাকে। শিক্ষকের নখদর্পণে থাকে কোন ছাত্র-ছাত্রীর কোন জায়গায় সমস্যা আছে; সেক্ষেত্রে উনি বিশেষ ব্যবস্থা নিতে পারেন। আর কোন বিষয়ের জন্য যদি একটু বেশি সময়ের প্রয়োজন হলে সেটাও শিক্ষক তাৎক্ষণিকভাবে নির্ধারণ করতে পারেন। কিন্তু প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক হলে সেই সিদ্ধান্ত নেওয়া যায় না। সময়ের অপচয় হয় না শিক্ষক পরিবর্তনের ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে একজন ঢুকতে এবং আরেকজন বেরিয়ে যেতে বেশ কিছুটা সময় চলে যায়।
বাচ্চারা দিনের বেশিরভাগ সময় বাবা-মায়ের চেয়ে শিক্ষক-শিক্ষিকার সংস্পর্শে থাকে, যার কারণে তাদের উপর বাচ্চাদের নির্ভরতা-ঘনিষ্ঠতা বেড়ে যায়। এই কারণেই বোধহয় দীর্ঘ ছুটির সময় তারা শিক্ষকদের অনুপস্থিতি অনুভব ক'রে কান্নাকাটি করে। যারা শিক্ষকতা করেন তারা যথেষ্ট সব বিষয়েই পারদর্শী। এখানে কেউ হুট করে শিক্ষক হতে পারে না। হয়তো বাংলাদেশেও অবস্থার পরিবর্তন হয়েছে। তবে আমাদের দেশে একসময় নারীদেরকে এসএসসি পাশ হলেই প্রাইমারি স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার সুযোগ দেয়া হয়েছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ছিল একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত।
শিক্ষাবছরের শেষ দিনে শিশু পরিচর্যা কেন্দ্রগুলো বন্ধ থাকে। শিশু পরিচর্যা কেন্দ্রগুলো সাধারণত তিন সপ্তাহ ছুটিতে থাকে গ্রীষ্মকালে। এই সময়ে স্কুল পড়ুয়া বাচ্চাদের বাবা-মায়েরা কাজ করতে পারেন না। তারা যেখানে কাজ করেন সেই সব প্রতিষ্ঠান এইসব বাবা-মায়েদের তিন সপ্তাহ ছুটি দিতে বাধ্য। কারণ এই সময় বাচ্চাদের স্কুল বন্ধ থাকে এবং শিশু পরিচর্যা কেন্দ্রগুলোও খোলা থাকেনা। কোনও আইনই তাদেরকে কাজে বাধ্য করতে পারে না। যদি কোনও প্রতিষ্ঠান সে জাতীয় কোনও পদক্ষেপ নেয়, সেটা দণ্ডনীয় অপরাধ।
নতুন শিক্ষা বছর শুরু হয় ১৫ সেপ্টেম্বর থেকে, প্রতিবছর একই নিয়মে চলে। কোনও ব্যতিক্রম গত ২৪ বছরে আমি দেখিনি। এই কারণে বাবা-মায়েরা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকেন বাচ্চাকে নেওয়ার জন্য। আগেই বলেছি চূড়ান্ত ফলাফল দেয় এদিন সেটাও একটা ব্যাপার। অভিভাবকরা উৎসুক থাকে কী ফল করেছে তার সন্তান সেটি জানার জন্য।
এই কারণে নিজেরা ছেলে-মেয়েদের স্কুল থেকে নিয়ে যায়। চতুর্থ শ্রেণির এই ফলাফলের উপর নির্ভর করে বাচ্চারা কে কোন স্কুলে যাবে সেটি। আমাদের দেশের মতো বাবার পয়সা থাকলে বা টেলিফোনের জোরে, প্রভাব খাঁটিয়ে কাউকে ভালো স্কুলে পাঠানো যায় না। যোগ্যতা অনুযায়ী প্রত্যেকটা ছাত্র-ছাত্রীর জন্য স্কুল নির্ধারিত হয়। সে মন্ত্রীর ছেলে হোক বা মেথরের ছেলে হোক।
গত বছর এই দিনে আমার মেয়ের প্রিয় বান্ধবীদের একজন (লুইজা) স্কুল শেষ করে অন্য শহরে চলে গেল। আগে থেকে অনুমান করেছিলাম এই দিনটা একটু কষ্টকর হবে ওদের জন্য। লুইজাকে আমিও খুব পছন্দ করি, পছন্দ করি বললে ভুল হবে আমি ওকে ভালোবাসি, মারাত্মক ভালোবাসি। স্কুলের সামনে দাঁড়িয়ে ছিলাম দুইজন হাত ধরে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলো। চোখ মুখ লাল হয়ে গেছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে দুইজনে, এ দৃশ্য দেখা যায় না। আমি আমার জীবনে এর আগে প্রকাশ্যে জার্মানিতে বোধহয় একদিন চোখের জল ফেলেছি, তাও দুটো বাচ্চাকে বিদায় দিতে যেয়ে।
আর এদিনও আমার চোখ ভিজে গিয়েছিল পরক্ষণে নিজেকে সামলে নিয়েছি। কিন্তু সত্যিকার অর্থে সেদিন আমি কেঁদেছিলাম প্রকাশ্যে রাজপথে। শিশুদের ব্যাপারই আলাদা, সেজন্যই বোধহয় বঙ্গবন্ধু শিশুদের এত ভালোবাসতেন, প্রাধান্য দিতেন।
যাহোক এবারও যে এর ব্যতিক্রম হবে না সেটা আমি জানতাম। আমার বাচ্চা নির্ধারিত সময়ের কিছু পরে বেরিয়ে আসলো তার এক বান্ধবীর (এমিলি) হাত ধরে, মেয়েটা রাশিয়ান। সে ক্লাস ফোরে পড়তো। এ স্কুল শেষ করে এখন সে অন্য স্কুলে যাবে। দুই বান্ধবী একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। অথচ এই এমিলি আমাদের থেকে ২ থেকে ৩টা ভবন পরে থাকে, মাঝে মাঝে দেখা হয় এবং হবে সে নিশ্চয়তা আছে। তারপরও একজন আরেকজনকে বুকে জড়িয়ে ধরে দু'জনের কি কান্নাকাটি! এমিলির সঙ্গে বিদায় নিয়ে এবার আরেক বান্ধবী মায়ার হাত ধরে কাঁদতে কাঁদতে আমাদের বাসায় আসলো। মায়াকে নিয়ে আমাদের বাসা পর্যন্ত ফিরলো পুরোটা পথ দুই বান্ধবী একজন আরেকজনের হাত ধরে কাঁদতে কাঁদতে। একবারের জন্যও একজন আরেকজনের হাত ছাড়েনি, স্কুল থেকে বাসা পর্যন্ত আসতে প্রায় ১৫ মিনিট লেগেছিল। স্কুল বন্ধের দিন বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জাতীয়তার বাচ্চাদেরকে আমি কাঁদতে দেখেছি। দুঃখের কষ্ট, ছেড়ে আসার কষ্ট, ফেলে যাওয়ার কষ্ট, সব জাতির একই রকম। হয়তো বহির্প্রকাশের ধরনটা আলাদা। অতএব শুধু বাঙালি কাঁদে না, অন্য জাতিও কাঁদে।
এখন মনে হচ্ছে নানীর কান্না থামানোর জন্য যে শর্ত দিয়েছিলাম সেটা খুবই কঠিন ছিল। চোখের জলেরও যে সৌন্দয্য আছে, ভালোবাসা আছে- তা আজ উপলব্ধি করছি। নানি, আমি আন্তরিকভাবে দুঃখিত আমার সেদিনের শর্তের জন্য।
লেখক: তথ্য ও গবেষণা সম্পাদক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জার্মানি।
ছবি: লেখক
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
