ফোবানার পরবর্তী সম্মেলন নিউ ইয়র্কে
‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)’র পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে।
রোববার তিন দিনব্যাপী ৩২তম ফোবানা সম্মেলনের শেষ দিনে আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের ৩৩তম ফোবানা সম্মেলন হবে নিউ ইয়র্ক শহরে এবং তার পরের বছর ৩৪তম ফোবানা সম্মেলন হচ্ছে নর্থ টেক্সাসে।
সম্মেলনের শেষ দিনে অনুষ্ঠিত নির্বাচনে নতুন নির্বাহী কমিটির চেয়ারপার্সন এবং নির্বাহী সচিব হয়েছেন যথাক্রমে মীর চৌধুরী (নিউ জার্সি) ও জাকারিয়া চৌধুরী (নিউ ইয়র্ক)।
বিজয়ী অপর কর্মকর্তারা হলেন— ভাইস চেয়ারপার্সন শাহ হালিম (টেক্সাস), যুগ্ম সচিব রফিক খান (টেক্সাস), কোষাধ্যক্ষ মাসুদ রব চৌধুরী (লস এঞ্জেলেস)।
মীর চৌধুরী
বাংলাদেশ-আমেরিকা অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার ব্যবস্থাপনায় ‘আমাদের সন্তান-আগামীর নেতৃত্ব’ স্লোগানে অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী এ সম্মেলন।
ড্রামা সার্কেলের কর্মকর্তারা সবাইকে নিউ ইয়র্কে সাদর আমন্ত্রণ জানিয়েছেন সামনের বছরের ফোবানায়। সেটি হবার কথা বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে। এর আগে ১৯৯৮ এবং ২০০০ সালের ফোবানা সম্মেলন হয় মেডিসন স্কোয়ার গার্ডেনে।
জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ‘জর্জিয়া ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টার’-এ অনুষ্ঠিত এবারের ফোবানায় প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন।
জাকারিয়া চৌধুরী
ফোবানার এবারের সম্মেলনে বেশ ক’জনকে কমিউনিটি সেবার জন্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তাদের অন্যতম হচ্ছেন- মার্কিন আইটি সেক্টরে বাংলাদেশিদের চাকরির উপযোগী কোর্স প্রদানকারী ‘পিপল এনটেক ইন্সটিটিউট’-এর প্রতিষ্ঠাতা ও সিইও আবু হানিপ।
সম্মেলনে দেশ ও প্রবাসের বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন। স্থানীয় ‘বাংলাধারা’ নামক একটি সংগঠনের উদ্যোগে নতুন প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
