রিয়াদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং এর এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দূতাবাস।
স্থানীয় সময় বৃহস্পতিবার রিয়াদে দূতাবাসে অনুষ্ঠিত এ সভায় দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব মো. ফখরুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য দেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।
তিনি সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটি স্কুলগুলোর কার্যক্রম চালু রাখতে সরকারের আর্থিক সাহায্য ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বাংলাদেশি অভিবাসী সন্তানদের পড়াশোনা নিশ্চিত করতে এসব স্কুলের প্রয়োজনীয়তা এবং স্কুলে দক্ষ ও সৎ পরিচালনা কমিটির গুরুত্ব তুলে ধরেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা প্রবাসীকল্যাণ কার্ডের ফি, জন্মনিবন্ধন ফি ও কনস্যুলার সেবার ফি কমানো এবং দূরশিক্ষনের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি আরবে উচ্চশিক্ষা কার্যক্রম চালুর আহ্বান জানান।
আরও বক্তব্য দেন দূতাবাসের মিশন উপ প্রধান নজরুল ইসলাম ও ইকোনমিক মিনিস্টার আবুল হাসান।
নজরুল ইসলাম জানান, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক খুবই চমৎকার অবস্থায় রয়েছে। অভিবাসীদের প্রয়োজনে দূতাবাস সবসময় পাশে রয়েছে।
মতবিনিময় শেষে দূতাবাসের প্রেস উইং এর এক বছর পূর্তিতে বাংলাদেশি সাংবাদিক ও প্রেস উইং এর কর্মকর্তা দ্বিতীয় সচিব মো. ফখরুল ইসলামকে নিয়ে কেক কাটেন রাষ্ট্রদূত।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
