২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে কবিতা উৎসবে বাংলাদেশিরা

সিঙ্গাপুরে মাসব্যাপী কবিতা উৎসবে অংশ নিয়েছেন বাংলাদেশি অভিবাসী কবি ও সাংস্কৃতিক কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 03:32 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে দেশটির পুরাতন সংসদ ভবনের আর্ট হাউজে আয়োজিত এ উৎসবে ছিল বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের কবিদের কবিতা।

ফিলিপাইনের কবি নাইভের সঞ্চালনায় উৎসব উদ্বোধন করেন কবিতা উৎসবের পরিচালক এরিক ভ্যালি।

শুভেচ্ছা বক্তব্য দেন অভিবাসী কবিতা প্রতিযোগিতার আয়োজক শিভাজী দাস। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশের কবি ও অভিবাসী পর্বের আয়োজক জাকির হোসেন খোকন।

কবিতা পড়েন বাংলাদেশের কবি শরিফ উদ্দিন, বিকাশ নাথ, মাহবুব হাসান দিপু, এস এম সুমন, ভারতের কবি মাধবান রাম, ফিলিপাইনের কবি রোলিন্দা, জেন, সাই স্পোসো, ইন্দোনেশিয়ার কবি ইউলিয়া ও ফিতরি।

যন্ত্রসঙ্গীতের আবহে অভিবাসী কবিদের কণ্ঠ থেকে উঠে এসেছে সিঙ্গাপুরে অভিবাসীদের স্বাপ্নিক পরিভ্রমণ, বেঁচে থাকা, বাঁচিয়ে রাখা, সুখ, সমর, সম্পর্ক ও সাহিত্যের দিনরাত্রি।

কবিতা পাঠের পর ‘মাইগ্রান্ট ব্যান্ড’ এর পরিচালক শাহিনের গানের সঙ্গে নিজামউদ্দিনের নাচ উৎসবে আমেজ নিয়ে আসে।

সমাপনী বক্তব্যে কবি জাকির হোসেন খোকন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সবার ভালোবাসায় ২০১৬ সাল থেকে প্রতিবছর সিঙ্গাপুর কবিতা উৎসবে অভিবাসী কবিদের অংশগ্রহণ এ আয়োজনকে করছে সমৃদ্ধ। কবিতার এ শোভাযাত্রা দীর্ঘজীবী হোক সবার প্রেরণায়।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!