২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের চার ব্রোঞ্জ জয়

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে চারটি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহেদ ইব্রাহিম নবী, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 03:07 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

পর্তুগালে অনুষ্ঠিত ৪৯ তম ফিজিক্স অলিম্পিয়াডে পাঁচ সদস্যের বাংলাদেশ দলের চারজনই পদক জয় করেন।

পদকপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম কলেজের আবরার আল শাদীদ আবীর, নটর ডেম কলেজের ইরতিজা ইরাম ও তাহমিদ মোসাদ্দেক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাশেদুল ইসলাম।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পর্তুগালের রাজধানী লিসবনের ক্যালউইট গুলাবেনকিয়ান ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার দেয় আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড কমিটি।

৮৭ দেশের ৪৪৭ শিক্ষার্থীর ৪৯তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড গত সপ্তাহের সোমবার শুরু হয়। শেষ হয় বুধবার।

এছাড়া আয়োজকদের মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার অংশগ্রহণকারী সকল দেশের শিক্ষার্থীদের পর্তুগালের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করানো হয়।

ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন অধ্যাপক আরশাদ মোমেন।

তিনি বলেন, “ফিজিকস অলিম্পিয়াডে ল্যাব পরীক্ষা আমাদের শিক্ষার্থীদের জন্য একটু কঠিন। কেননা আমাদের শিক্ষার্থীদের স্কুলপর্যায়ে ল্যাবে কাজ করার অভিজ্ঞতা অনেক কম। তাই বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অলিম্পিয়াড কিছুটা কঠিন হয়। সব মিলিয়ে এবারের ফলাফলে দলের কোচ হিসেবে আমি সন্তুষ্ট।”

২০১১ সাল থেকে বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটি এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পাঠানোর জন্য দেশের ভেতরেও প্রতিযোগিতার আয়োজন করে আসছে। গত বছর বাংলাদেশ দল আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে প্রথম একটি রৌপ্য পদক পায়। এছাড়া গতবারের ওই আসরে বাংলাদেশ তিনটি ব্রোঞ্জ পদক ও একটি সম্মানজনক পদকও পায়।

কোচ এবং শিক্ষার্থীরা ছাড়াও বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাসুদ দলের সাথে ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!