২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি চেয়ে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা

খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে ‘জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2018, 11:28 AM

Updated : 11 Oct 2022, 12:32 PM

শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত এ বিক্ষোভে বিএনপি, ছাত্রদল, জাসাস, জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে স্লোগানে নেতৃত্ব দেন ব্রুকলিন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি ও যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ।

সংগঠনটির সভাপতি বাবরউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুরুজ্জামানের সমন্বয়ে এ বিক্ষোভ সমাবেশে নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন।

আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহফুজুল মাওলা নান্নু, সৈয়দা মাহমুদা শিরিন, এলিজা আকতার মুক্তা, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতা নূরল আমিন পলাশ, নাসিম আহমেদ, সাবেক কমিশনার আলী হোসেন ও হেলালুর রহমান।

এ সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবি ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দাও জানানো হয়।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “বিশ্ব বিবেককে জেগে উঠতে হবে বাংলাদেশে নব্য স্বৈরাচারের পতন ত্বরান্বিত করতে। বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন। ১৬ কোটি মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে নিয়ে সরকার আবারও এক তরফা নির্বাচনে ক্ষমতা দীর্ঘ করতে চায়।”

“ইতিমধ্যেই জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ কামনায় বিএনপির পক্ষ থেকে দরখাস্ত করা হয়েছে। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য রয়েছে।”-বলেন বিএনপি নেতা সম্রাট। স্টেট ডিপার্টমেন্টেও দেন-দরবার চলছে বলে উল্লেখ করেন এ নেতা।

একই দাবিতে শীঘ্রই ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুতি চলছে বলে জানান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!