কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত
কানাডায় সড়ক দুর্ঘটনায় সহপাঠীসহ এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন।
নিহত সামিরা লতিফ লিরা (২৪) কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আব্দুল লতিফ খাঁনের মেয়ে।
কুয়েত দূতাবাসে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কানাডার স্থানীয় সময় মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে।
তিনি জানান, সকালে নিজের হোন্ডা সিভিক গাড়িতে করে সহপাঠীর সাথে কানাডার ক্যালেগরি এলাকা অতিক্রমের সময় সামিরা গাড়ির নিয়ন্ত্রণ হারান। সেখানে বিপরীতমুখী আরেকটি দ্রুতগামী গাড়ির সাথে তার গাড়ির সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই সামিরা ও তার সহপাঠী মারা যান।
সামিরা রাজধানীর হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চার বছর আগে তিনি ‘ফ্যাসিলিটিজ মেইনটেইনেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নিয়ে পড়াশোনা করতে কানাডার একটি কলেজে ভর্তি হয়েছিলেন।
আব্দুল লতিফ খাঁনের এক ছেলে ও এক মেয়ের মধ্যে সামিরা ছিলেন বড়, ছেলে অষ্টম শ্রেণিতে পড়ছে।
এই ঘটনায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শোকের ছায়া নেমে এসেছে। কুয়েতে বাংলাদেশে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানসহ সকল কর্মকর্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা সামিরার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
