যুক্তরাষ্ট্রে ‘চট্টগ্রাম সমিতি’র সভায় ভূমি প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে প্রবাসীদের এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন চট্টগ্রাম-১১ আসনের এমপি ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।
মঙ্গলবার নিউ ইয়র্কের ব্রুকলিনে ‘চট্টগ্রাম ভবন’-এ অনুষ্ঠিত ‘চট্টগ্রাম সমিতির এ সভায় সভাপতিত্ব করেন আব্দুল হাই জিয়া। সভা পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন।
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেন, “ফাউল টক করে মানুষকে ধোকা দেয়ার দিন শেষ। এখন সবকিছু হাতের মুঠোয়। কাউকেই বোকা ভাবার অবকাশ নেই। আর এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের কারণে। ডিজিটাল বাংলাদেশের রূপকার জয়ের পরিকল্পনা অনুযায়ী তারই মা জননেত্রী শেখ হাসিনার দক্ষতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে।”
সভায় প্রতিমন্ত্রী জাভেদ আরও বলেন, “চট্টগ্রামে দীর্ঘতম ফ্লাইওভার হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতার অবসানে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। টানেল হচ্ছে চট্টগ্রামে। এভাবেই ৫৬ হাজার বর্গমাইলের ছোট্ট একটি বাংলাদেশ ১৬-১৭ কোটি মানুষের ভারে জর্জরিত হওয়া সত্ত্বেও অবশিষ্ট বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে।”
চট্টগ্রাম-১১ আসনের এমপি জাভেদ বলেন, “অক্টোবরে আমরা সবাই পদত্যাগ করবো। ডিসেম্বরের নির্বাচনে চট্টলার মানুষ যদি আবারও এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে হয়তো নবরূপে সাক্ষাৎ ঘটবে আপনাদের সাথে। এজন্যে আপনাদের দোয়া চাই।”
আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রামের সন্তান ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদের মিয়া বলেন, “সামনের নির্বাচনের গুরুত্ব অপরিসীম। তাই চট্টগ্রাম অঞ্চলের প্রার্থী বাছাইয়ে যেন সতর্কতা অবলম্বন করা হয়। নানাবিধ কারণে যারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তাদেরকে যেন মনোনয়ন দেওয়া না হয়।”
চট্টগ্রামের সন্তান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম বলেন, “ঠেঙ্গার চরের সীমানা নিয়ে সন্দ্বীপ এবং নোয়াখালীর মধ্যেকার বিরোধ নিষ্পত্তি হওয়া জরুরী। এজন্যে ভূমি প্রতিমন্ত্রীর সোচ্চার হওয়ার বিকল্প নেই।”
চট্টগ্রাম সমিতির আজীবন সদস্য এবং বাংলাদেশি-আমেরিকান ডেমোক্র্যাটিক লীগের সভাপতি খোরশেদ খন্দকার বলেন, “প্রবাসীদের অবদানের কথা প্রধানমন্ত্রী বার বার উচ্চারণ করেন। অথচ প্লটের জন্যে আবেদন করে অনেক প্রবাসী তা পাননি।”
চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, “আমরা যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছি, তাদেরকে বাংলাদেশের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। অথচ সেটি হচ্ছে আমাদের জন্মস্থান। সে অধিকার হরণের ক্ষমতা কারোর থাকা উচিত নয়।”
চট্টগ্রাম সমিতির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মোহাম্মদ হানিফ বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। সেই সাথে চট্টগ্রামে আরও বেশি উন্নয়ন দেখতে চাই। চট্টগ্রাম যেন পিছিয়ে না থাকে।”
সভায় আরও বক্তব্য দেন শামসুল আলম চৌধুরী, আবুল কালাম, হাসান চৌধুরী, নাজিমউদ্দিন ও সাহাবুদ্দিন চৌধুরী।
নেতাদের মধ্যে আরও ছিলেন সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের প্রবাসী কল্যাণ সম্পাদক জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সেক্রেটারি মাসুদ রানাসহ আরও অনেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
