আয়ারল্যান্ডে ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের’ অভিষেক
সমীর কুমার ধরকে সভাপতি ও দীপন পুরকায়স্থকে সাধারণ সম্পাদক করে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ আয়ারল্যান্ড শাখার অভিষেক কমিটি গঠন করেছে সংগঠনটি।
স্থানীয় সময় রোববার বিকেলে দেশটির রাজধানী ডাবলিনের আইবিআইএস হোটেলে কুমার বিজয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’ আয়ারল্যান্ড শাখার প্রতিনিধি কিরণ ক্লিফোর্ড।
সভায় সমীর কুমার ধর বলেন, “রাষ্ট্রের অবস্থান সবার উপরে এবং ধর্ম যথারীতি যার যার ব্যক্তিগত পছন্দের ব্যাপার। ধর্ম নিয়ে যারা রাজনীতি এবং বিদ্বেষ তৈরি করে এদের বিরুদ্ধে মৌলবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম-মত নির্বিশেষে ঐক্যের মাধ্যমে রুখে দাঁড়াতে হবে। কোনো একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্ম করার লক্ষ্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় নাই। কেবল একটি ধর্মকে প্রাধান্য দিলে এর উগ্রতা তৈরি হয় এবং ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান হবে ভয়াবহ যা ক্রমাগত নির্যাতিত বাংলাদেশের সব সংখ্যালঘুরাই প্রমান।”
সভায় ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যে ইউরোপীয় ঐক্য পরিষদের সভাপতি অমরেন্দ্র রায় বলেন, “বাংলাদশের বর্তমান ও আগের কোনো সরকারই সংখ্যালঘুদের নিয়ে স্বার্থ রক্ষাসহ নিরাপত্তার ব্যাপারে কাজ করে নাই। তাই সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হয়েই সব দাবি দাওয়া আদায় করতে হবে।”
কেন্দ্রীয় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাশ গুপ্ত টেলিফোনে দেওয়া বক্তব্যে অভিযোগ করে বলেন, “বাংলাদেশের আদিবাসীসহ সব সংখ্যালঘুদের ব্যাপারে বর্তমান সরকার যথাযথ ভূমিকা নিচ্ছে না।”
ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন বলেন, “আমি আয়ারল্যান্ডে একজন সংখ্যালঘু। আমি যদি আয়ারল্যান্ডে সমঅধিকার পাই তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা কেনো তাদের দেশে পাবে না?”
সভায় আরও বক্তব্য দেন আয়ারল্যান্ডের গবেষক ইয়েমন জে ব্রেনানা, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক দীপন পুরকায়স্থ, মহিলা বিষয়ক সম্পাদক শর্মিষ্ঠা সেনগুপ্তা, শুভংকর দেওয়ান, বাপ্পি সাহা, মৃদুল কান্তি পাল, কাকলি বসাক, অলক সরকার, বরুণ কর্মকার, গিরিশ বড়ুয়া, সঞ্জয় মজুমদার, মাহেশ বাবু, এডউইন সানি ও আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতা ইকবাল আহমেদ লিটন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
