নিউ ইয়র্কে ‘সংসার চলে না’ ট্যাক্সি চালকদের, মঙ্গলবার বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উবার, ট্যাক্সি ও ইয়েলো ট্যাক্সিসহ সব যানের ভাড়ায় সমতা চেয়ে আইন প্রণয়নের দাবিতে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন অঙ্গরাজ্যটির ট্যাক্সি চালকরা।
আসছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক সিটি হলের সামনে এ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে দেশটিতে ট্যাক্সি চালকদের সংগঠন ‘নিউ ইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স’।
সংগঠনটির এক ঘোষণায় বলা হয়, ‘গত ৬ মাসে অর্থ সংকটে পড়ে ৬ চালক আত্মহত্যা করেছেন। প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘণ্টা ট্যাক্সি চালিয়েও সংসার চলানোর প্রয়োজনীয় অর্থ আয় করতে পারেন না তারা। অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে আর কোনো চালককে যাতে না যেতে হয় সেজন্যে সিটি কাউন্সিলে আইন দরকার।’
এ কর্মসূচিতে বাংলাদেশি ট্যাক্সি চালকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আয়োজক সংগঠনের কর্মকর্তা প্রবাসী বাংলাদেশি টিপু সুলতান।
তিনি বলেন, “নিউ ইয়র্কের মোট ট্যাক্সি চালকদের প্রায় ২৭% বাংলাদেশি। বিক্ষোভ সফল হলে সুযোগ-সুবিধা বাড়লে, গোটা কমিউনিটি এর সুফল পাবে। তাই বাংলাদেশি ট্যাক্সি চালকরা যেন এক-দেড় ঘণ্টার জন্য কর্মবিরতি দিয়ে এ কর্মসূচিতে অংশ নেন।”
টিপু সুলতান জানান, সিটি কাউন্সিলের স্পিকারসহ বেশ কয়েকজন কাউন্সিলম্যান ইতোমধ্যে বিল পাশে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বুধবার সিটি কাউন্সিল একটি বিল চূড়ান্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে, বিলটি ভোটে যাবে ১৮ জুলাই।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
