২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘সাহিত্যমেলা’

দেশ ও প্রবাসের সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ‘সাহিত্য মেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2018, 02:47 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

স্থানীয় সময় শুক্র ও শনিবার কুইন্সের জ্যামাইকায় পিএস-১৮২ এর মিলনায়তনে দুদিনব্যাপী এ মেলায় শেষদিন উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদ।

সাহিত্যমেলার বিভিন্ন পর্বের আলোচনায় অংশ নেন সেলিম জাহান, আহমেদ মাযহার, দ্বীপেন ভট্টাচার্য, রাশেদ চৌধুরী, আনিস আহমেদ, তাপস গায়েন, শামস আল মমিন, তুষার গায়েন, ফকির ইলিয়াস, মেহনাজ মোমেন, রুমা মোদক, রওশন জাহান, অনামিকা বন্দোপাধ্যায়।

মেলার সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বনানী মুখার্জি, লুৎফুন্নাহার লতা, মিতালি ব্যানার্জি ভৌমিক, অনির্বাণ দাসগুপ্ত, মাহমুদ হোসেন দুলু, কাবেরী দাস, তপন মোদক, দেবু নায়েক, নমিতা কুন্ডু, ক্রিস্টিনা রোজারিয়ো, ফেরদৌসী ইকরাম ও মিথুন আহমেদ।

প্রদর্শিত হয় স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘মুক্তিযুদ্ধের রেণু’, ছবিটির পরিচালক এনায়েত করিম বাবুল ও সেলিম আফসারী সেসময় উপস্থিত ছিলেন। এছাড়া প্রদর্শিত হয় নাসরিন ইসলাম পরিচালিত ‘দ্য পোস্টেজ অব ইন্ডিপেন্ডেন্স’।

তুষার গায়েনের নেতৃত্বে ‘কবিতার ভাষা ও শৈলী’ শিরোনামে একটি আলোচনায় সমকালীন বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করেন সেলিম জাহান ও সনৎ সাহা।

‘সমসাময়িক সাহিত্য: নতুন ধারা নাকি গতানুগতিক’ শীর্ষক আলোচনা শুরু করেন আব্দুল্লাহ আবু সায়ীদ।

লুৎফুন্নাহার লতার সঞ্চালনায় কবিতা ও কবিতার ভাবনা অনুষ্ঠানে অংশ নেন শামস আল মমীন, ফকির ইলিয়াস ও আনিস আহমেদ। পঞ্চকবির গান পরিবেশন করেন মাহমুদ হোসেন দুলু।

মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘পিপল এন টেক ইন্সটিটিউট’ এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রধান আবু হানিপ। বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ও পাঠকদের ৫০% ছাড়ে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন তিনি।

হানিপ জানান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠকেরা অর্ধেক ফিতে যুক্তরাষ্ট্রের আইটি কোম্পানিতে চাকরির প্রশিক্ষণ পাবেন। সংস্থাটি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী দুইশ তিরাশি প্রবাসীকে স্কলারশিপে চাকরি পাবার সহায়ক প্রশিক্ষণ দিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও ঢাকার গ্রীনরোডে ছয়টি ক্যাম্পাস ছাড়াও অনলাইনে এ প্রশিক্ষণ সুবিধা রয়েছে বলে জানান তিনি।

আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “আমার তালিকাভুক্ত পাঠক-পাঠিকার অধিকাংশের পক্ষেই এ ৫০ শতাংশও পরিশোধের ক্ষমতা নেই। তবে তাদের আন্তরিক আগ্রহের সীমা নেই। তারা ভালো কিছু করতে পারলেই যেন হাতে আকাশের চাঁদ পেয়ে যান। তবুও আমি এমন একটি প্রস্তাবের জন্য পিপল এন টেক ইন্সটিটিউটকে ধন্যবাদ জানাচ্ছি।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!