লন্ডনে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন
বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জন করায় উদযাপন অনুষ্ঠানে করেছে লন্ডনে বাংলাদেশ দূতাবাস।
বুধবার সেন্ট্রাল লন্ডনের ব্যাডেন-পাওয়েল হাউযে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্জন উদযাপনে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.নাজমুল কাওনাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ‘অল পার্টলি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ’-এর চেয়ার ও রোহিঙ্গা বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের কো-চেয়ার অ্যান মেইন এমপি।
যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের মধ্যে বাংলাদেশ ক্যাটারারজ্ অ্যাসোসিয়েশন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, ওয়েলস্ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত নাজমুল কাওনাইন উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তৃতা দেন। তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন। বাংলাদেশের এ উন্নয়ন অগ্রযাত্রায় বন্ধুপ্রতীম দেশ যুক্তরাজ্যের ক্রমবর্ধমান সহযোগিতার বিষয় উল্লেখ করে আগামী দিনেও পাশে পাবার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অধিক হারে বিনিয়োগের মাধ্যমে এ উন্নয়ন অভিযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি সকলকে একযোগে কাজ করার মাধ্যমে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ে তোলার অনুরোধ জানান।
প্রধান অতিথি অ্যান মেইন এমপি তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়নের এই অগ্রযাত্রার প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যকার বিরাজমান উষ্ণ অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের দু’জন উর্ধ্বতন কর্মকর্তা -ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ফার্গুস অল্ড ও ডিএফআইডি-এর গর্ভনেন্স উপদেষ্টা জোয়েল হার্ডিং বক্তব্য দেন। তারা যুক্তরাজ্য সরকারের সম্ভাব্য সকল সহযোগিতা আগামী দিনেও অব্যাহত রাখার বিষয়ে আশ্বাস দেন।
আলোচনায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, “বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে উঠা বাংলাদেশ আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন ও গণতন্ত্রের প্রতিষ্ঠা নিশ্চিত করে উন্নয়নের মহাসড়কে আরোহণ করেছে।”
অনুষ্ঠানের শেষ পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দেশাত্ববোধক সঙ্গীতসহ দেশীয় নাচ পরিবেশন করেন যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
