২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে বসে খেলা দেখার একাল সেকাল

প্রতিটি উৎসবের মতো বিশ্বকাপ ফুটবলও তার নিজস্বতা নিয়ে ফিরে এসেছে৷ আর প্রতিটি দলই চমক দেখানোর চেষ্টা চালাচ্ছে তাদের সবটুকু দিয়ে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শারমিন রিতু, জার্মানির হালে থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 04:02 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

এবারের বিশ্বকাপে কোনো দল নিয়েই কোনো ভবিষ্যৎ বাণী করা যাবে না, কারণ ইতোমধ্যে বড় বড় বেশ কিছু ফেবারিট দল নকআউট পর্বে যাবার আগেই বাদ পড়েছে৷ আমি বরাবরের মতো এবারও আর্জেন্টিনার সাপোর্টার, বলতে গেলে আমার পরিবারের সবাই আর্জেন্টিনার খেলা উপভোগ করে৷ যার ফলে বরাবরের মতো আমাদের দুশ্চিন্তাও সবার থেকে একটু বেশি৷ আর্জেন্টিনার অগোছালো খেলা দেখার সঙ্গে থাকে মেসিকে নিয়ে ফুটবলবোদ্ধাদের অশালীন মন্তব্য, যা কষ্টের মাত্রাকে আরও তীব্রতর করে৷

তবে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের হলে খেলা দেখতাম তখন আমরা এক একজন ছিলাম এক এক দলের সাপোর্টার৷ খেলা দেখতাম, চলতো কথার যুদ্ধ। তবে কেউ কাউকে আক্রমন করতো না। কারও অনুভূতিতে আঘাত করতো না কেউ৷ আপনার দল জিতেছে তো আনন্দ করুন, উৎসব করুন, কোনো দল অপছন্দ করলে গঠনমূলক সমালোচনা করুন। কিন্তু এখন যুদ্ধ শুধু কথাতেই আটকে থাকছে না, হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছে৷

আর্জেন্টিনা সাপোর্ট করলেই যেন ব্রাজিলকে অপছন্দ করতে হবে। আবার ব্রাজিল সাপোর্ট করলেই যেন আর্জেন্টিনাকে পঁচাতে হবে৷ হ্যাঁ! এটাই এখন অলিখিত নিয়ম৷ যার স্রষ্টা দুর্ভাগ্যবশত হলেও আমরা৷

Image
লেখক

লেখক

আপনি কি কখনো হেরে যাওয়া দলটির খেলোয়ারদের কান্না দেখেছেন? দেখেছেন নব্বই মিনিট ধরে মাঠের বাইরে থাকা কোচটির অসহায় চিন্তিত মুখ? যদি সত্যিই দেখে থাকতেন তাহলে কোনো খেলোয়ার বা দলকে নিয়ে ট্রল করার আগে একবার হলেও ভাবতেন৷ এমনকি সেদিন বাঁচা মরার ম্যাচে আর্জেন্টিনা জিতে যাবার পর নাইজেরিয়ার খেলোয়ারদের কান্না আমাকে ব্যথিত করেছে৷

তারপরও কি আমরা উৎসব করবো না? অবশ্যই করবো৷ কিন্তু মাথায় রাখবো, ঘরে আরাম করে বসে ফুটবলবোদ্ধা হওয়া খুব সহজ, কিন্তু মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে পরাজয় মেনে নেওয়াটা অনেক কষ্টের৷ তাই আমাদের কথার আক্রমনও তেমন হওয়া উচিত যতটা কারো অনুভূতিকে জখম করবে না৷

আজ আবারও আর্জেন্টিনার খেলা, তাও আবার শক্তিশালী ফ্রান্সের সঙ্গে৷ দুশ্চিন্তার সঙ্গে ভয়ও লাগছে আর্জেন্টাইন বিমুখ সাপোর্টারদের বাক্য প্রয়োগের অসীম সীমারেখার কথা ভেবে৷ তবে আপনারা মেসি, নেইমার, রোনালদোর মতো তারকা খেলোয়ারদের দুই একটা ম্যাচ দেখে টেনে-হিঁচড়ে নিচে নামাবেন না৷ কারন ফুটবল একার খেলা না৷

সবশেষে ভালোবাসা ও শুভকামনা সবদলের জন্য৷ আর কথার যুদ্ধ থাকুক৷ নিজের পছন্দের দলের বিজয় উল্লাসও থাকুক৷ কিন্তু একইসঙ্গে থাকুক খেলার নান্দনিকতা ও খেলা দেখার সৌন্দর্য৷

লেখক: প্রবাসী শিক্ষার্থী, হালে, জার্মানি

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!