২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদিনায় সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

মদিনায় দুই সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশির মৃত্যু হয়েছে, যারা ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2018, 11:56 AM

Updated : 08 Apr 2022, 06:37 PM

গত মঙ্গলবার ওই দুই দুর্ঘটনায় নয় জন আহত হয়েছেন বলে পরিবারের সদস্য ও প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন। 

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের হজ কাউন্সেলর মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে আমরা ব্যবস্থা নেব।”

নিহতরা হলেন- ঢাকার মীরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), মোহাম্মদপুরের রাশেদ (৬৫), গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫) ।

প্রবাসী বাংলাদেশি ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওমরাহ শেষে মদিনা থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনায় মারা যান জুলহাস, রাশেদ ও বাশার।

এ দুর্ঘটনায় ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার এস এম আবুল খায়ের (৪১), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) ও মোসতারা আক্তার (৪৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাজমুল (৩৯) এবং মানিকগঞ্জের শফিউল আলম (৩৬) আহত হন।

আহত শফিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে মদিনা থেকে দুইশ কিলোমিটার পথ অতিক্রম করার পর তাদের মাইক্রোবাসের চাকা ফেটে যায়। এতে গাড়ি দুর্ঘটনায় পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান।

হতাহতদের সবাই এনজেল ট্রাভেল এজেন্সির মাধ্যমে ওমরাহ করতে সৌদি গিয়েছিলেন। মঙ্গলবার বিকাল ৪টা ৩৫ মিনিটে সৌদি এয়ারলাইনসে তাদের দেশে যাওয়ার কথা ছিল।

এদিকে রাসেদুল ইসলাম বাবু ওমরাহ শেষে দেশে ফেরার জন্য মদিনা বিমানবন্দরে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় পড়েন। তার পরিবারের তিন সদস্যও এ ঘটনায় আহত হন।

আহতদের সবাইকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!