যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের সাহায্যার্থে কনসার্ট
বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাহায্যার্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের বারুক পারফর্মিং আর্টস্ সেন্টারে এ কনসার্টের আয়োজন করে জাতিসংঘের স্টাফ রিক্রিয়েশন কাউন্সিল ‘ইউএন চেম্বার মিউজিক সোসাইটি’।
কনসার্টটিতে সহযোগিতা প্রদান করে বেসরকারি পারফর্মিং আর্টস্ গ্রুপ ‘ব্রু্লিন রাগা ম্যাসিভ’।
মানবতার জন্য আয়োজিত এই কনসার্ট উপলক্ষে দেওয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের বাণী পাঠ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সহকারি সেক্রেটারি জেনারেল এন্ড্রু গিলমোর।
জাতিসংঘ মহাসচিব তার বাণীতে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহযোগিতা দেওয়ায় বাংলাদেশের উদারতার কথা উল্লেখ করেন এবং রোহিঙ্গাদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য এ জাতীয় কনসার্টের আয়োজনকে স্বাগত জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে রাষ্ট্রদূত মাসুদ বলেন, “শুধু মানবিক সহযোগিতাই নয়, বাস্তুচ্যুত রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায়, নিরাপদে এবং নিরাপত্তা ও মর্যাদার সাথে দ্রুততম সময়ে নিজ ভূমিতে ফিরে যেতে পারে, সে বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।”
জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিকে দেখছেন বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। মহাসচিবের আশু বাংলাদেশ সফর রোহিঙ্গা সঙ্কটের সমাধানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।
নিউ ইয়র্কের জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার অফিসের পরিচালক নিনিতি কেলি তার বক্তব্যে একসাথে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি এবং তাদের মানবিক বিপর্যয়ের কথা তুলে ধরেন।
রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য কেলি বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান। এ ধরনের কনসার্টের মাধ্যমে রোহিঙ্গাদের সাহায্যার্থে মেধাবীদের এগিয়ে আসার উদ্যোগের প্রশংসা করেন কেলি।
এরপর মূল আয়োজন কনসার্টে পরিবেশিত হয় নয়টি মিউজিক্যাল আইটেম।
‘ইউএন চেম্বার মিউজিক সোসাইটি’র শিল্পীদের পরিবেশিত কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের পাশাপাশি স্থান পায় তবলাকে প্রাধান্য দিয়ে ‘আমারও পরানও যাহা চায়’ গানটির মিউজিক্যালটি।
তবলায় ছিলেন ‘ব্রুকলিন রাগা ম্যাসিভ’-এর প্রবাসী বাংলাদেশি শিল্পী মীর নকিবুল ইসলাম।
‘ইউএন চেম্বার মিউজিক সোসাইটি’র শিল্পীদের মধ্যে ছিলেন আরিয়েল হরোইটিস্, জোনা উ, ফ্লোরি মার্শাল, মেইয়ানা জিয়াং, ক্রেইগ কেলোনোস্কি, ব্রেন্দা ভনগোভা ও ডেভিড ইয়ার্ডলি।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘ইউএন চেম্বার মিউজিক সোসাইটি’র আর্টিস্টিক ডাইরেক্টর ব্রেন্দা ভনগোভা।
এই কনসার্ট থেকে উপার্জিত অর্থ বাংলাদেশের বেসরকারি সংস্থা ‘ব্রাক’-এর মাধ্যমে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দেওয়া হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
