সৌদি আরবে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে মারা গেছেন দুই বাংলাদেশি।
নিহতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেক ভেন্ডারের ছেলে কামরুল ইসলাম (৩৮) এবং চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)।
স্থানীয় সময় শনিবার গভীর রাতে রিয়াদের সোলাই এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রবাসী বাংলাদেশিরা জানিয়েছেন।
দুজনের মৃত্যুর খবর পেয়েছেন জানিয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাল দেশে প্রেরণের ব্যবস্থা করা হচ্ছে।”
সোলাই এলাকায় একটি ফোম কারখানায় কাজ করতেন কামরুল ও ইয়াছিন। কারখানার উপরেরই ছিল তাদের বাসস্থল।
নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও ইয়াছিনের শ্বশুর সাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে গেলে ঘুমন্ত অবস্থায় দুই বাংলাদেশি ও এক ইয়ামেনি নাগরিকের মৃত্যু হয়। আগুন নেভানোর পর ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করে ।
লাশগুলো এখন স্থানীয় হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহত কামরুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ইয়াছিনের রয়েছে দুই ছেলে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
