২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উৎসবে মালয়েশিয়া মাতাবেন বাংলাদেশি শিল্পীরা

ঈদের পর মালয়েশিয়া মাতাবেন এক ঝাঁক বাংলাদেশি শিল্পী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2018, 04:04 PM

Updated : 08 Apr 2022, 06:32 PM

চলতি মাসের ৩০ তারিখ প্রবাসীদের একটি কনসার্টে অংশ নিতে কুয়ালালামপুর আসছেন আইয়ুব বাচ্চু, ইমরান, মিলা, ফেরদৌস, পূর্ণিমা ও আবু হেনা রনি।

কনসার্ট উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরে একটি রেস্টুরেন্টের হলঘরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংগঠন ‘এজিডি পিক্সার্চ’। 

'ঈদ উৎসব' নামে এ কনসার্টকে ঘিরে ইতোমধ্যে মালয়েশিয়ায় প্রবাসীদের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। কুয়ালালামপুর ও এর আশপাশের বাংলাদেশি অধ্যুষিত দোকান ও বিপণী বিতানগুলোতে শোভা পাচ্ছে রঙ বেরঙের পোস্টার ও ব্যানার। 

আয়োজক সংগঠনের চেয়ারম্যান সেলিম বলেন, “সাম্প্রতিক সময়ে একটি কনসার্টকে ঘিরে ঘটে যাওয়া কিছু ঘটনা মালয়েশিয়ায় আমাদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হয়েছে। ক্ষুন্ন হওয়া এ ভাবমূর্তি ফিরিয়ে আনতে এজিডি পিক্সার্চ এ কনসার্টটি করার উদ্যোগ নিয়েছে।”

তিনি আরও বলেন, “ঈদের সময় নানা জটিলতায় অনেকেই  দেশে যেতে পারেন না। বিপুল পরিমান এ প্রবাসীদের একটু বিনোদনের সুযোগ করে দিচ্ছে এজিডি পিক্সার্চ।”

সংবাদ সম্মলনে উল্লেখ করা হয়, দর্শক মাতাতে মঞ্চে থাকবেন বাংলাদেশের ব্যান্ড এলআরবি, শিল্পী ইমরান, শিল্পী মিলা, অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী পূর্ণিমা ও কৌতূক অভিনেতা আবু হেনা রনি। থাকবেন স্থানীয় শিল্পী ইয়াসমিন আজিজ ও বাংলা গানে স্থানীয় শিল্পীদের নাচ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এজিডি পিক্সার্স এসডিএন, বিএইচডি এর  ব্রান্ড ডেভলপমেন্ট  ম্যানেজার মোস্তফা ইমরান রাজু, আইটি ইন চার্জ আরিফুল ইসলাম, নির্বাহী ব্যবস্থাপক আশরাফুল করিম ও মার্কেটিং ইন চার্জ সামিয়া আফরিন।

কো স্পন্সরদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ‘জয়যাত্রা  ফাউন্ডেশনের’ চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, ‘টুফ্যাম ফ্যাশন’ এর ব্যবস্থাপক  মিনহাজ উদ্দিন মিরান ও ‘ফুড ভিলেজের’ এস কে সেন্টু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!