২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনির রাস্তায় বাংলাদেশি ইফতার বাজার

দশ বছরেরও বেশি সময় ধরে সিডনির লাকেম্বা রেলওয়ে প্যারেড ও হ্যাল্ডন স্ট্রিটে বসছে বাংলাদেশি ইফতার বাজার, পাশাপাশি চলছে মাসব্যাপী ‘হ্যাল্ডন স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 06:18 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

দুপুর গড়িয়ে বিকেল না হতেই হরেক রকম ইফতারির বিশাল আয়োজন দেখে বাঙালি প্রবাসীরা ভুলতে বসেছেন যে তারা সিডনিতে আছেন। দেশিয় ইফতার বাজারের মতোই দোকানিরা হাঁক ছাড়েন—‘আসুন আসুন, গরম গরম জিলাপি, কাবাব পেঁয়াজু ইফতারি নিয়ে যান।’

ল্যাকাম্বা বাঙালিদের একটি প্রাণের ছোঁয়া। সিডনির সংখ্যাগরিষ্ঠ প্রবাসী বাঙালি মুসলমান বসবাস করেন এখানে। সিটি কাউন্সিলের অনুমোদনক্রমে রমজান মাসে প্রতিদিন বিকেল চারটা থেকে ভোর তিনটা পর্যন্ত হ্যাল্ডন স্ট্রিট বন্ধ করে ভ্রাম্যমান দোকানে রেলওয়ে প্যারেড থেকে শুরু করে হ্যাল্ডন স্ট্রিটের শেষ মাথা পর্যন্ত নানা রকম দেশিয় ইফতার বিক্রি করা হয়।

বাঙালির প্রায় প্রতিটি দোকানে সামনেই দেশিয় আমেজে রকমারি ইফতারির খাবারের মধ্যে থাকে পেঁয়াজি, ছোলা, বেগুনি, ঘুগনি, আলুর চপ, জালি কাবাব, হালিমসহ পাওয়া যায় বিভিন্ন রকম বেসনে ভাজা  চিকেন ফ্রাই, জিলাপি এবং হরেকরকম মিষ্টি, শরবত ও খেজুর। এছাড়াও কিছু কিছু দোকানে থাকে ভিন্ন স্বাদের ফলের জুস, বার্গার, বারবিকিউসহ হরেক রকম অস্ট্রেলিয় খাবারও।

ইফতারে রুটি চেনাই ছাড়াও গিলা, কলিজা, মগজ ও আরো কিছু উপাদান দিয়ে নিমিষেই ক্রেতাদের জন্য রান্না হচ্ছে ‘খাটাখাট’। গরম নানের সাথে খাটাখাটের স্বাদ অতুলনীয়।

শুধু মুসলমানই নয়, বিভিন্ন ভাষার, বর্ণের আর ধর্মের ভোজন রসিকদেরকে দেখা যায় পরম তৃপ্তির সাথে ইফতারি খেতে। আরবদের বিভিন্ন ডিজাইন খচিত বড় বড় জমিদারি আদলের চাদানি এই অঞ্চলে দৃষ্টি কাড়ে। 

ইফতারের আগে ছাড়াও তারাবির পর থেকে সেহেরি পর্যন্ত জমজমাট থাকে এ এলাকা। রাতের রকমারি খাবারের ভেতর হরিণ ও উটের গোস্তের বার্গার, সেদ্ধ বা পোড়ানো ভুট্টা, গাজরের জুস, উটের দুধসহ আরো হরেক রকম খাবারের স্বাদ পান প্রবাসীরা।

শুধু খাবারের টান ছাড়াও অনেক পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা বা আড্ডা দিতে রমজান মাসে দূর দূরান্ত থেকে বাঙালিরা ছুটে আসেন সিডনির ল্যাকান্বায়।

রোজার সময় ল্যাকেম্বার সব কয়টি মসজিদ ও মুসল্লাতে ইফতারের আয়োজন করা হয়। ইফতারির আজানের সঙ্গে সঙ্গে ল্যাকেম্বার উপচে পড়া মানুষের ভিড় আর হরেক প্রকার খাবারের ঘ্রাণের মিশ্র পরিবেশ যেন পুরান ঢাকার চকবাজারের কথা মনে করিয়ে দেয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!