২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাসপোর্ট জটে নাকাল আরব আমিরাত প্রবাসীরা

বাংলাদেশে পাসপোর্ট বইয়ের স্বল্পতা, প্রিন্টিং সমস্যা এবং একইসঙ্গে আবুধাবির দূতাবাসে সার্ভার সমস্যায় পড়ে পাসপোর্ট জটে আছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 07:31 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের সার্ভার সমস্যার কারণে আগামী রোববার থেকে এক মাসের জন্য পাসপোর্ট নিবন্ধন বন্ধ থাকার সংবাদে দুর্ভোগ বাড়বে বলে মনে করছেন তারা।

এর আগে গত ডিসেম্বরে একই সার্ভার সমস্যার কারণে দুবাই ও উত্তর আমিরাতের হাজার হাজার পাসপোর্ট সেবাগ্রহণকারী প্রবাসীকে দুর্দশায় পড়তে হয়। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের প্রথম পাসপোর্ট সচিব  মোহাম্মদ রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবুধাবি দুতাবাসের সার্ভারের ক্যাপাসিটি ফুল হওয়ায় তা কাজ করছে না, তাই আগামীকাল শনিবার ডিপ্লোমেটিক ব্যাগেজে তা রক্ষণাবেক্ষণের জন্য ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট ও বহির্গমন দপ্তরে পাঠানো হবে। পাসপোর্ট অফিস থেকে তার ডাটা ট্রান্সফার করা হবে কিংবা তা প্রতিস্থাপন করা হবে। পুরো বিষয়টির জন্য ৩ সপ্তাহ সময় লাগতে পারে।”

ভিসা কিংবা কোনো জরুরি অবস্থায় প্রবাসীদের পাসপোর্ট সেবার  জন্য কী ব্যবস্থা থাকবে এ প্রশ্নের জবাবে রিয়াজুল হক বলেন, “আগামী রোববার থেকে সার্ভার কাজ না করার কারণে আমাদের দূতাবাসে পাসপোর্ট এনরোলমেন্ট বন্ধ  থাকবে, এ সময় আসা সেবাগ্রহণকারীদের আমরা দুবাই কনস্যুলেট অফিস থেকে পাসপোর্ট সেবা নিতে পরামর্শ দেবো। যারা আগে এনরোলমেন্ট করেছেন অথচ নির্দিষ্ট সময়ে পাসপোর্ট পাননি, কিন্তু ভিসা লাগাতে হবে বা জরুরি প্রয়োজনে দেশে যেতে হবে, আমরা তাদের পাসপোর্ট একবছরের জন্য হাতে লিখে নবায়ন করে দেবো।”

তবে এখন সব পাসপোর্টই মেশিন রিডেবল বলে বিষয়টিকে দূতাবাস খুব উৎসাহিত করছে না, ভিসা লাগাতে সমস্যা না হলেও দেশ ভ্রমণের ক্ষেত্রে অভিবাসীদের সমস্যা হলেও হতে পারে বলে এ কূটনীতিক জানান।

অন্যদিকে বাংলাদেশে পাসপোর্ট বইয়ের স্বল্পতা ও প্রিন্টিং এর সমস্যার কারণে বিশ্বের অন্যান্য দূতাবাসগুলোর মতো আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের প্রায় ২৫ হাজার প্রবাসীর পাসপোর্ট দেশে আটকা পড়ে আছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেটের প্রথম সচিব পাসপোর্ট নূরে মাহবুবা জয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুবাই কনস্যুলেটের অধীনে জটে পড়া পাসপোর্টের সংখ্যা ১২ হাজার হতে পারে।”

আবুধাবি দূতাবাসে সার্ভার সমস্যার কারণে এখন দুবাই কনস্যুলেটকে আবুধাবি ও আল আইনের পাসপোর্ট সেবাপ্রত্যাশীদের বাড়তি চাপ নিতে হবে এজন্য তারা প্রস্তুত আছেন কিনা তার উত্তরে তিনি বলেন, “আমাদের সার্ভার যখন খারাপ ছিলো তখন আবুধাবি দুবাই প্রবাসীদের সেবা দিয়েছে। এখন আমরাও সে ধরণের চাপ মোকাবেলা করতে প্রস্তুত আছি।”

গত ৬ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় ভুগছেন প্রবাসীরা। তার উপর পাসপোর্ট জট ও সার্ভারের সমস্যার উৎকণ্ঠা থেকে মুক্তি দিতে সরকারের দ্রুত উদ্যোগ চান তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!