কুয়েতে সুগন্ধী ব্যবসায়ী বাংলাদেশের সুহেল
প্রাচীনকাল থেকেই সুগন্ধি ব্যবহার করে আসছে মানুষ। পারফিউম বা সুগন্ধি অভিজাত মানুষের প্রথম পছন্দ হলেও সুগন্ধি ব্যবহারে আরব দেশের নাগরিকরা উপার্জিত আয়ের বড় একটি অংশ খরচ করেন, কাজেই সুগন্ধি ক্রয়-বিক্রয়ের ঐতিহ্যবাহী ও নির্ভরযোগ্য বাজার মধ্যপ্রাচ্যের দেশগুলো।
পারস্য উপসাগরের উত্তর-পশ্চিম তীরে অবস্থিত প্রায় ৩০ লাখ নাগরিকদের একটি দেশ কুয়েত। এদেশে বাংলাদেশের উৎপাদিত সুগন্ধি আগর, বখর ও আতরের চাহিদা বেশ ভালো বলে জানান দেশটিতে এ ব্যবসার সঙ্গে জড়িত একজন তরুণ ব্যবসায়ী।
কুয়েত প্রবাসী বাংলাদেশি সুহেল আহমেদ কুয়েতের ফাহাহিল শহরে পারফিউম, বখর, আতরসহ নানা ধরনের সুগন্ধির ব্যবসা করেন।
তিনি দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত, ফলে সুগন্ধি ক্রেতাদের চাহিদা সম্পর্কে বেশ ধারণা আছে এ প্রবাসী ব্যবসায়ীর।
আগর-বখর উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে তেমনভাবে উল্লেখ করার মতো না হলেও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে প্রচুর পরিমাণে আগর-বখর উৎপাদিত হচ্ছে।
যেহেতু এ আগর-বখরের প্রতি আরবদের চাহিদা বেশি, সে হিসেবে মৌলভীবাজারের উৎপাদিত আগর বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৈধপথে রপ্তানির বিষয়টির কথা জানালেন সুহেল।
সুহেল আরও বলেন, “আমরা বখর ব্যবসায়ীরা চাই স্বাবলম্বী হতে, ঠিক তেমনি চাই আমাদের প্রিয় মাতৃভূমিও এগিয়ে যাক। এজন্য বৈধপথে বখর রপ্তানি করলে একটু হলেও দেশের অর্থনৈতিক উন্নতির অগ্রযাত্রা বেগবান হবে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
