২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি২০ ঘিরে প্রবাসীদের উৎসাহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দুটি টি২০ ম্যাচ ঘিরে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের উৎসাহ বাড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2018, 03:07 PM

Updated : 08 Apr 2022, 06:30 PM

আগামী ৪ ও ৫ অগাস্ট দক্ষিণ ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রাওয়ার্ড ওভাল স্টেডিয়ামে এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এ আয়োজনে আয়োজকদের সঙ্গে বাংলাদেশি-আমেরিকানরাও রয়েছেন বলে জানান ফ্লোরিডার কমিউনিটি নেতা আতিকুর রহমান আতিক।

তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে আসছে জেনে প্রবাসীদের মধ্যে আমেজ দেখা যাচ্ছে। অনেকেই ফ্লোরিডায় যাবার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সময় বুধবার আতিকুর রহমান ও হাফিজুর রহমান আয়োজক সংগঠনের প্রতিনিধি জেফ মিলারের সঙ্গে বৈঠক করেন।

খেলা দুটির টিকিট প্রতিদিনের জন্য গ্রাউন্ড ২৫, জেনারেল স্ট্যান্ড ৪০, প্রিমিয়াম ৬০, পার্টি স্ট্যান্ড ১০০ ও ভিআইপি ২৫০ ডলার ঠিক করা হয়েছে বলে জানান আতিকুর। এ মাসের শেষে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে বলে জানা গেছে। 

এদিকে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান কার্যনির্বাহী জনি গ্রেভ  বলেন, “দুটো ম্যাচই অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা কাজ করছি আইসিসি আমেরিকার মেম্বার, ইউএসএ ক্রিকেট এবং ক্রিকেট কানাডার পার্টনারশিপে। আর এভাবেই ক্রিকেটকে দক্ষিণ থেকে উত্তর আমেরিকার সবখানে জনপ্রিয় করতে চাই।”

যুক্তরাষ্ট্রের মাটিতে ২০১০ সালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার অভিষেক টি-২০ সিরিজের পরে ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এখানে টি-২০ সিরিজ খেলে ক্যারিবিয়রা। এরপর ২০১৬ সালের আগস্টে ভারতের বিপক্ষে দুটি টি২০ ম্যাচ আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!